বিধায়ক পদ খারিজ নিয়ে শুনানির প্রস্তুতি শুরু! আদৌ মুকুল কি উপস্থিত হবেন শুভেন্দুর সামনে, জল্পনা তুঙ্গে
বিধায়ক পদ খারিজ নিয়ে শুনানির প্রস্তুতি শুরু! আদৌ মুকুল কি উপস্থিত হবেন শুভেন্দুর সামনে, জল্পনা তুঙ্গে
মুকুল রায়ের (mukul roy) বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে বিধানসভায় (assembly) দ্বিতীয় দিনের শুনানির (hearing) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। কিন্তু ৩০ জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) থাকলেও আদৌ কি মুকুল রায় থাকবেন সেই শুনানিতে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

৩০ জুলাই দ্বিতীয় দিনের শুনানি
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দিল্লি গিয়েছেন মুকুল রায়। সরকারি বাংলো থেকে উচ্ছেদের নোটিসের মধ্যেও ২০২৪-এর জন্য সলতে পাকিয়ে চলেছেন তৃণমূলের একদা চাণক্য। তারই মধ্যে অবশ্য চলে আসছে ৩০ জুলাই। ওই দিন বিধানসভায় তাঁর বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে দ্বিতীয় শুনানির দিন। বিকেল তিনটেয় আগে থেকেই শুনানির জন্য সময় ধার্য হয়ে রয়েছে। জানা গিয়েছে, ওই দিন মুকুল রায় শুনানিতে নাও থাকতে পারেন। কেননা কৃষ্ণনগর উত্তরে বিধায়ক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে তাঁরা ওইদিনই দিল্লি থেকে কলকাতায় ফিরবেন বলে প্রাথমিক পাওয়া খবরে জানা গিয়েছে।

শুভেন্দুর অনুরোধ
তবে ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের কাছে দেওয়া চিঠিতে অনুরোধ করেছেন, তাঁর সঙ্গে যেন ওই দিন এক আইনজীবী ছাড়াও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়কেও যেন থাকতে দেওয়া হয়। তবে সেই অনুমতি এখনও পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত অম্বিকা রায় নিজেই আইনজীবী। তিনি হাইকোর্টে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা নিয়ে মামলা করেছেন।

আগের শুনানিতেও ছিলেন না মুকুল
১৬ জুলাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে প্রথম শুনানি হয়েছিল। সেদিন বিধানসভায় এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে গিয়েছিলেন মুকুল রায়। তবে পরবর্তী সময়ে শুনানিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

৩০ জুলাই রয়েছে পিএসির বৈঠক
সূচি অনুযায়ী, ৩০ জুলাই পিএসির বৈঠক রয়েছে। দিল্লিতে থাকায় চেয়ারম্যান হিসেবে মুকুল রায় সম্ভবত সেই বৈঠকে থাকবেন না। তবে চেয়ারম্যান না থাকলেও অন্য সদস্যদের সেই বৈঠক করতে কোনও বাধা নেই। তবে আগের ঘোষণা অনুযায়ী, মুকুল রায় পিএসির চেয়ারম্যান থাকা কালীন বিজেপির কোনও বিধায়ক সেই বৈঠকে যাবেন না বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications