মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা বোনদের উপর অত্যাচার হয় না, দাবি পার্থ ভৌমিকের
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার মা বোনেদের উপর অত্যাচার হয় না। এমনই বক্তব্য রাখলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালিতে মহিলাদের সম্ভ্রম লুন্ঠিত হয়েছে। ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এমন মারাত্মক অভিযোগ সামনে আসছে।
গত কয়েকদিন ধরেই উত্তাল সন্দেশখালি এলাকা। সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ শোনা যাচ্ছে। সাধারণ মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে অত্যাচার করা হত। এমনই অভিযোগ সামনে এসেছে।

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজ মঙ্গলবার সন্দেশখালি রওনা দিয়েছিলেন৷ রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে প্রতিনিধি দল সন্দেশখালি পৌঁছায়। প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে কালীনগরে পৌঁছেছিল। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব।
সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। পার্থ ভৌমিক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার মা-বোনেদের উপর অত্যাচার হয় না। এটা উত্তরপ্রদেশ নয়, যে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে মারা হবে।" শুধু তাই নয়, পার্থ ভৌমিক আরও বলেন, "মা বোনেরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক। এটা বাংলা, মা বোনেদের সম্মান নষ্ট হয় না।"
আগামী ১৮ তারিখ সন্দেশখালিতে তৃণমূলের তরফে সভা করা হবে। এলাকার শান্তি পরিবেশ ফেরাতেই এই সভার আয়োজন করা হবে। এমনই কথা জানালেন রাজ্যের সেচমন্ত্রী। সন্দেশখালি দীর্ঘ দিন ধরেই ফুঁসছে। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ও সেচমন্ত্রী পার্থ ভৌমিককে তৃণমূলের তরফে পাঠানো হয়।
১৮ তারিখের সভা কোথায় হবে? কারা সেই সভায় বক্তব্য রাখবেন? সেই সম্পর্কে এই খবর লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তৃণমূলের ভূমিকা নিয়ে সন্দেশখালি এলাকায় প্রশ্ন উঠে গিয়েছে। মানুষের কাছে বিশ্বাস ফিরিয়ে আনার জন্যই এই সভা করতে চাইছে কি তৃণমূল? সেই প্রশ্নও উঠেছে।












Click it and Unblock the Notifications