মমতা সুবিধা নিয়ে সরে পড়েন, কিষেণজিকে দেখে শেখা উচিত: সূর্যকান্ত

আরও পড়ুন: 'পরিবর্তনের ভোটে' সারদার থেকে ১৩০ কোটি টাকা নিয়েছিল তৃণমূল
পলিটব্যুরো বৈঠকে যোগ দিতে এখন দিল্লি এসেছেন সূর্যবাবু। গতকাল অর্থাৎ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "সুবিধা নিয়ে সরে পড়া স্বভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাওবাদী নেতা কিষেণজিকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন। শেষে কী হাল হল, সবাই দেখেছে। কে জানে, এখন উনি সুদীপ্ত সেন, কুণাল ঘোষকে চিনতে পারবেন কি না! অথচ এঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন।"
সূর্যবাবুর আরও তোপ, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, সুদীপ্ত সেনকে আগে থেকে চিনতেন না। অথচ ডেলো পাহাড়ে গোপন বৈঠকের কথা তো খবরের কাগজে প্রকাশিত হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলার তদন্ত হচ্ছে। কে দোষী আর কে নয়, আশা করা যায় তা একদিন প্রকাশ পাবে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকাকালীন ডাকাবুকো মাওবাদী নেতা কিষেণজি তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান বলে অভিলাষ ব্যক্ত করেছিলেন। জঙ্গলমহলে তখন মাওবাদীদের সঙ্গে তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুলেছিল সিপিএম। রাজ্যে ক্ষমতা বদলের পরই ২০১১ সালের ২৪ নভেম্বর পুলিশের গুলিতে মারা যান কিষেণজি।












Click it and Unblock the Notifications