বাংলার অপমান করেছেন রাজ্যপাল, রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনে যুদ্ধ জারি মমতার
রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বাংলার অপমান করেছেন রাজ্যপাল। রাজ্যপালকে দ্ব্যর্থহন ভাষায় বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজভবনে বেঙ্গল ফাউন্ডেশন ডে পালনের জন্য বিজেপি ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান পর্যবেক্ষণের পর বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের রাজ্যপালকে একহাত নিয়েছেন। রাজ্যপালের এই সিদ্ধান্তের নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে অপমান আর রাজ্যের বদনাম করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমি এই প্রথার নিন্দা জানাই। এই উদযাপনের একমাত্র উদ্দেশ্য হল বাংলাকে বদনাম করা। এটা বাংলার মাটি। এই বাংলার মাটিতে আমাদের দেশের মানুষকে অপমান করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। বাংলার মানুষ কখনো তা ক্ষমা করবে না।"
মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে সমর্থন করে তার রাজনৈতিক বর্ণনা এবং তাদের অ্যাজেন্ডাকে আরো এগিয়ে নিয়ে যেতে এটি করা হয়েছে। আমার জন্ম এই বাংলায়, অন্য সবার মতো আমি পশ্চিমবঙ্গবাসী। সারাটা জীবন কাটিয়েছি এই বাংলায়। কিন্তু আমরা কোনোদিন আমাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস রয়েছে বলে শুনিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের ইতিহাসে এই ধরনের কিছুই কখনো উদযাপিত হয়নি। মন্ত্রিসভা দ্বারা কখনো কোনো আইন পাস করা হয়নি। তারপরও বাংলাকে অপমান করে তা করা হল। এ জন্য তিনি প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রীয় সরকারকেও। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিয়েছে কোনো রাজ্যে 'প্রতিষ্ঠা দিবস' অনুষ্ঠান উদযাপন করা উচিত?"
মমতা বলেন, যে সমস্ত রাজ্যগুলিতে 'প্রতিষ্ঠা দিবস' আছে সেগুলি উদযাপন হতে পারে। তবে, বাংলার মানুষ কখনো কোনো প্রতিষ্ঠা দিবস পালন করেনি। বাংলার কোনো প্রতিষ্ঠা দিবস রয়েছে বলে ইতিহাস তা উল্লেখ করে না। এমনকী পশ্চিমবঙ্গের মানুষও জানতেন না কীসের ভিত্তিতে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দেন, "রাজ্যের মানুষ নিজে না জানলে আপনি কী ধরনের 'প্রতিষ্ঠা দিবস' উদযাপন করছেন? এই উদযাপনে শুধু আমরাই আপত্তি করছি এমনটা নয়, এমনকী বামফ্রন্ট ও কংগ্রেসও এই তথাকথিত প্রতিষ্ঠা দিবস সম্পর্কে অবগত নয়।
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে লেখা একটি চিঠির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, যে কোনো রাজ্যের রাজ্যপাল হিসাবে কারো রাজনীতি করা উচিত নয়। আমি ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যপালকে একটি চিঠি পাঠিয়েছি। কিন্তু তারপরও রাজ্যপাল রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলেন। বাংলাকে অপমান করলেন।












Click it and Unblock the Notifications