Mamata Banerjee: মুখ খুললেই ছেঁটে ফেলার নিদান! সুব্রত-অভিষেককে গুরু দায়িত্ব মমতার
Mamata Banerjee: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) বেশিদিন আর বাকি নেই! যে কোনও সময় দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর তার আগেই নবীন প্রবীণ সংঘাত প্রকট হয়ে উঠেছে শাসকদল তৃণমূলে! শুধু তাই নয়, দলের মধ্যে বাড়ছে কোন্দল। এই অবস্থায় দলের রাশ শক্ত হাতে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শৃঙ্খলা ইস্যুতে মুখে লাগাম দিতে বললেন তিনি (Mamata Banerjee)। এমনকি প্রয়োজনে ছেঁটে ফেলার নিদানও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভার আগে সংগঠনকে মজবুত করতে জেলা ধরে ধরে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার প্রথম জেলা হিসাবে পশ্চিম মেদিনীপুরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন নেত্রী (Mamata Banerjee)। কালীঘাটের বাড়িতেই এই বৈঠক হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটালের সংসদ দেব সহ জেলার একাধিক শীর্ষ নেতৃত্ব। দীর্ঘক্ষণ ধরে এই বৈঠক হয়। যেখানে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই বৈঠকের মধ্যে থেকে দলের শৃঙ্খলা নিয়ে তৃণমূল নেত্রী (Mamata Banerjee) কড়া বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। দলের নীতি সবাইকে কড়া ভাবে মেনে চলতে হবে। তৃণমূলে একটা গণতন্ত্র আছে বলেও ওই বৈঠকে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সুত্রের খবর।
শুধু তাই নয়, দলের বাইরে কোনও মন্তব্য করা যাবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, দলের ভিতরে অনেক জায়গা আছে। সেখানে নিজের কথা বলুন। প্রয়োজনে সুব্রত বক্সী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর কথা বলেছেন নেত্রী। আর তা না হলেও মুখ্যমন্ত্রীর দফতরে জানানোর কথাও নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে জানা গিয়েছে।
কোনও ভাবেই দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। এরপরেও কেউ যদি মুখ খোলে তাহলে দল থেকে তাঁকে ছেঁটে ফেলা হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন নেত্রী। এমন সুত্রে জানা গিয়েছে। অন্যদিকে বেশ কিছু মুখপাত্রদের ভূমিকা নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিমো।
বিশেষ করে বেশ কিছু মুখপাত্র ঠিক মতো কথা বলতে পারছেন না। এই বিষয়ে অভিযোগ উঠেছিল আর এরপরেও এহেন বার্তা। এই বিষয়ে অভিষেককে টিম বানানোর নির্দেশ তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন বৈঠকে সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। আর সেই ছবি দেখে অনেকেই বলছেন তাহলে কী দলে নবীন প্রবীণ সংঘাত মিটে গিয়েছে!












Click it and Unblock the Notifications