বিকেলেই দলের বৈঠক ডাকলেন মমতা, প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনা
আজ বিকেলেই ঘোষণা হবে বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর এদিনই সকাল থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ধরা পড়ছে অন্যরকম তৎপরতা। সকাল থেকে শুরু হয়েছে যজ্ঞ। বিকেলে দলের বৈঠক ডেকেছেন দলনেত্রী। প্রার্থী ঘোষণা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

প্রতিবারই নির্বাচন ঘোষণার পরই সবার আগে প্রার্থী ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস। আগের বিধানসভা নির্বাচনের সময়ও বিকেলে প্রার্থী ঘোষণা করেছিলেন তিনি। শুক্রবার দিনটিও মমতা বন্দ্যোপাধ্যায় লাকি বলে মনে করেন। দলের মুখপত্রও তাই প্রকাশিত হয় শুক্রবার। এর আগেও বহুবার এই শুক্রবারই বেছে নিয়েছেন দলনেত্রী নিজের গুরুত্বপূর্ণ ঘোষণা বা কর্মসূচির জন্য। প্রতি শুক্রবার তাঁর বাড়িতেও দলের নেতা, মন্ত্রীদের নিয়ে তিনি বৈঠক করেন। আজ বিকেলেও একটি বৈঠক ডেকেছেন দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই জল্পনা চলছে, আজ প্রার্থী ঘোষণা হতে পারে।
তৃণমূল সূত্রে খবর, আজ ঘোষণা যদি নাও হয় তবে দু-তিনদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। আবার সপ্তাহখানেক পরেও প্রার্থী ঘোষণা হতে পারে। কারণ, অন্যবারের চেয়ে এবার পরিস্থিতি অন্যরকম। জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও প্রায়ই সামনে আসছে। তাই সাবধানী পদক্ষেপই করা হবে। তৃণমূলের অপর সূত্রে পাওয়া খবর, প্রথম এক বা দুই দফার ভোটের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হতে পারে। তবে সবটাই নির্ভর করছে দলনেত্রীর সিদ্ধান্তের উপরই। তৃতীয়বার মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠার বিষয়ে অবশ্য তৃণমূল আত্মবিশ্বাসী। প্রার্থীতালিকায় থাকতে পারেন অনেক নতুন মুখ। বিভিন্ন ক্ষেত্রের নামি ব্যক্তিত্বরাও থাকতে পারেন তৃণমূলের প্রার্থীতালিকায়।
তাঁর বাসভবনে যে ঘরে তিনি দলীয় বৈঠক করেন বা লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেছিলেন কিংবা সাংবাদিকদের মুখোমুখি হন সেই ঘরেই আজ সকাল থেকে শুরু হয় যাগযজ্ঞ, পূজার্চনা। সেখানে ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পুরীর দয়িতাপতির উপস্থিতিতে পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। বিকেলে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ভোটের দিন ঘোষণার দিনেই এই আয়োজন ও দলের বৈঠক ডাকা প্রার্থী ঘোষণার বিষয়টি নিয়ে জল্পনায় ইন্ধন জুগিয়েছে। যদিও এই পুজো ও যজ্ঞ আগে থেকেই আজ হবে বলে ঠিক ছিল বলে দাবি করা হয়েছে তৃণমূল শিবিরের তরফে।












Click it and Unblock the Notifications