কুন্তল-শান্তনুর গ্রেফতারে কতটা ক্ষয় সংগঠনে! হুগলির নেতৃত্বকে জরুরি তলব মমতার
সামনেই পঞ্চায়েত নির্বাচন! সম্ভবত চলতি মাসেই ভোট ঘোষণা হতে পারে। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত দলই। তবে পঞ্চায়েতকে মাথায় রেখে ইতিমধ্যে জেলা সফরে বেরিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
যদিও দুর্নীতি সহ একাধিক ইস্যুতে পুরো ল্যাজে গোবরে শাসকদল। ইতিমধ্যে দলের রাশ হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক সপ্তাহে এক একটি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। এই অবস্থায় এবার হুগলি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল হুগলি জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হুগলি জেলাকে একাধিক অভিযোগ। এলাকার খোদ বিধায়ক সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে বিস্ফোরক পোস্ট করেন। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যেতে হয় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। এমনকি নিয়োগ দুর্নীতিতে ওই জেলা থেকেই দুই যুব নেতা শান্তুনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাঁদের গ্রেফতারের পরেই একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। এমনকি জেলা নেতৃত্বও তাঁদের নিয়ে মুখ খুলতে শুরু করেছে।
উল্লেখ্য, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনকি যুব সংগঠনের রাজ্য সম্পাদক কুন্তল ছিলেন। যদিও ইতিমধ্যে তাঁদের দুজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই অবস্থায় এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হুগলিতে ফুরফুরা শরিফও রয়েছে। সেখানেও একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গিত কয়েকদিন বিধায়ক নৌসাদকে গ্রেফতারের পর থেকে ক্ষুব্ধ সংখ্যালঘুরা। রাতারাতি ফুরফরা শরিফের উন্নয়ন পর্ষদে নতুন মুখ আনা হয়েছে।

আদি সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তাঁর সঙ্গেও আলাদা ভাবে সুপ্রিমো কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত থাকছেন না বলেই জানা গিয়েছে। সেদিন উত্তরবঙ্গে একটি জেলাতে সভা করার কথা রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই বৈঠক থেকে হুগলি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাই তৃণমূল সুপ্রিমো দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
তবে কি বার্তা দেবেন তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications