সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নয়, বাংলাকে লগ্নির গন্তব্য করতে পুনর্বাসন-প্যাকেজ মমতার
সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নয়, বাংলাকে লগ্নির গন্তব্য করতে পুনর্বাসন-প্যাকেজ মমতার
লগ্নির অন্যতম গন্তব্য হতে চলছে বাংলা। মঙ্গলবার বিরোধীশূন্য বিধানসভায় নিজের ভাষণে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, দেউচা পাঁচামির হাত ধরে রাজ্যের অর্থনীতিতে বদল আসতে চলেছে। রঘুনাথপুরে এবং দেউচা পাঁচামিতে বিনিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে ১ লক্ষের বেশি কর্মসংস্থান হবে। এবং এ জন্য জমি অধিগ্রহণ নীতিও বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সিঙ্গুর নীতি কোনোভাবেই ফলো করা হবে না
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ করা হবে না। জমি অধিগ্রহণ করা হবে আকর্ষণীয় প্যাকেজের পরিপ্রেক্ষিতে। জোরপূর্বক জমি অধিগ্রহণ করে মানুষকে বিপাকে ফেলা হবে না। মানুষকে সঠিক পুনর্বাসন দিয়েই দেউচা পাঁচামি প্রকল্পের জমি নেওয়া হবে। মানুষকে বঞ্চিত করে নয়। সিঙ্গুর নীতি কোনোভাবেই ফলো করা হবে না।

জমিদাতাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা
মমতা এদিন বিধানসভায় বলেন, সিঙ্গুরে যেভাবে হয়েছে, সেভাবে জমি অধিগ্রহণ করব না। জমিদাতাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ স্থির করা হয়েছে। সবার সঙ্গে কথা বলে পুনর্বাসন প্যাকেজ তৈরি হয়েছে। বিঘা প্রতি ১০ থেকে ১৩ লক্ষ টাকা দেওয়া হবে জমিদাতাদের। এখানেই শেষ নয়, পরিবার পিছু একজন করে চাকরিও দেওয়া হবে জমি দান করলে।

জমি দিলে পুনর্বাসন প্যাকেজ, চাকরি দেবে সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১০ হাজার কোটি টাকার প্যাকেজ স্থির করা হয়েছে জমিদাতাদের জন্য। শুধু তাই নয়, জমি দাতাদের বাড়িও করে দেওয়া হবে। রাজ্য সরকার মানুষের জন্য কাজ করে। মানুষের অসুবিধা করে কোনও কাজ করবে না। মানুষ যদি চায় তবেই শিল্প হবে, কলকারখানা হবে। আর মানুষ জমি দিলে তাঁকে পুনর্বাসন প্যাকেজে ভরিয়ে দেওয়া হবে। তাঁর কোনও সমস্যা থাকবে না।

প্রকল্প বন্ধ হবে না, শিল্প হবে, হবে কর্মসংস্থানও
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুয়ারে সরকার হবে ১৬ নভেম্বর থেকে। তারপ পাড়ায় পাড়ায় সমাধান চলবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, ভ্যাকসিন থেকে দুয়ারে রেশন সমস্ত প্রকল্পের কাজই এগিয়ে নিয়ে চলেছে বাংলা। বাংলার মা-মাটি-মানুষের সরকার সমস্ত জনকল্যাণমূলক পরিষেবা দেবে। বিরোধীরা ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কেউ ভুল বুঝবেন না। কোনও প্রকল্পই বন্ধ হবে না। এবার শিল্প হবে, হবে কর্মসংস্থান।

কোথায় কত বিনিয়োগ রাজ্যে, ঘোষণা মমতার
মমতা বলেন, শিল্পে এবার নতুন দিন আসবে বাংলায়। শিল্প এখন আমাদের নতুন গন্তব্য হতে চলেছে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে দেউচা পাঁচামিতে। এর ফলে রাজ্যে বিদ্যুতের অভাব থাকবে না আর। রাজ্যে শিল্প, কল-কারখানা হবে আরও, কর্মসংস্থান হবে।












Click it and Unblock the Notifications