Maheshtala: পুলিশের নাকের ডগায় ভাঙচুর, ইটবৃষ্টি, জ্বলল আগুন, রণক্ষেত্র মহেশতলা, নামল ব়্যাফ
মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল। দোকান বসানোকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। এরপরই শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশও আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে রবীন্দ্রনগর পুলিশ থানা এলাকায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের মধ্যে দোকান বসানো নিয়ে সংঘর্ষে বাঁধলে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। একে অপরের দিকে ইটবৃষ্টি শুরু হয়। একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়, এমনকী বাড়িতেও হামলা চালানো হয়। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের গাড়িতেও হামলা করা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।তার আগে উন্মত্ত জনতা রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেয় এবং পাথরের আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে দেয়। জানা গিয়েছে, একজন মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায়। ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী রক্তাক্ত হন।
এদিন পুলিশের সামনেই ইটবৃষ্টি হয়। কেন শুরুতেই এই উত্তেজনা থামানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইটের আঘাতে এলাকার অনেক বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। পরে এলাকায় র্যাফ নামানো হয় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কীভাবে এলাকায় অশান্ত হয়ে উঠল তা তদন্ত করা হচ্ছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications