বীরভূমের পাল্টা বসিরহাট! হাজি নুরুলের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির, কলকাতা দক্ষিণেও ধাক্কা খাবে তৃণমূল?
Lok Sabha Election 2024: নো ডিউ সার্টিফিকেট জমা দিতে না পারায় মনোনয়ন বাতিল হয়েছিল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। যদিও সমস্যা আঁচ করে দেবতনু ভট্টাচার্যকে দিয়েও মনোনয়ন জমা দিয়েছিল বিজেপি।
একই কারণ দেখিয়ে বীরভূমের বদলা এবার বসিরহাটে নিতে চাইছে বিজেপি। বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানাল বিজেপি। যদিও দুজনের ক্ষেত্রে কারণ কিছুটা ভিন্ন।

আজ বিজেপি রাজ্য দফতরে দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানান। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলের দাবি কমিশনে জানিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
অভিযোগ, হাজি নুরুল পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন। এর মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালের ১৮ মে। এবার নুরুল মনোনয়ন জমা দিয়েছেন ৭ মে। অর্থাৎ সাংসদ হিসেবে মেয়াদ শেষের ১০ বছরের মধ্যে। কিন্তু হাজি নুরুল নির্ধারিত সময়ের মধ্যে নো ডিউ সার্টিফিকেট জমা দেননি।
জগন্নাথের দাবি, এই কারণে হাজি নুরুলের প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। শেষ ১০ বছরে কোনও কারণে সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের কাছ কোনও বিধিবদ্ধ বিল বকেয়া আছে কিনা সেই তথ্য জানাতে হয়। যা নিশ্চিত করা যায় নো ডিউ সার্টিফিকেটে।
গতকাল, অর্থাৎ ১৪ মে বিকেল তিনটে পর্যন্ত সংশোধন করার সময় ছিল। তার মধ্যেও নো ডিউ সার্টিফিকেট জমা করেননি হাজি নুরুল। রেখা পাত্রর পাশাপাশি বিজেপির তরফেও হাজি নুরুলের প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনে।
জগন্নাথের দাবি, কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় যখন মনোনয়ন জমা করেছিলেন, তখন হলফনামায় সঠিক তথ্য দেননি। কারণ, তিনি কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন আছেন। সেটি বিধিবদ্ধ আইন অনুযায়ী অফিস অব প্রফিট। যে ৩০-৩১টি বিজ্ঞাপিত সংস্থাগুলি যা অফিস অব প্রফিটের মধ্যে পড়বে না, তার মধ্যে কলকাতা কর্পোরেশনের নাম নেই।
বিজেপির দাবি, কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন পদ না ছেড়ে মালা রায়ের মনোনয়ন জমা দেওয়া অফিস অব প্রফিটের নিয়ম লঙ্ঘন করেছে। তিনি যদি তর্কের খাতিরে বলেন, আমি ওই পদে থেকে বেতন নিই না, তবু তিনি অফিসের চেয়ারে বসেছেন, গাড়ি ব্যবহার করেছেন, ফোন করেছেন, পানীয় জল পান করেছেন, তা আইনগতভাবে অফিস অব প্রফিট এনজয় করা। এই কারণে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনে। কমিশন যথোপযুক্ত পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications