লকেটও এবার কি তৃণমূলে ফিরতে চলেছেন, কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা! জবাব দিলেন বিজেপি সাংসদও
লকেটও এবার কি তৃণমূলে ফিরতে চলেছেন, কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা! জবাব দিলেন বিজেপি সাংসদও
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্বের তরফে বারবার বলা হচ্ছে, বিজেপির অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর যদি তৃণমূলের দরজা খুলে দেওয়া হয়, তাহলে বিজেপিকে শেষ করতে বেশি সময় লাগবে না। তৃণমূলের দাবি বিষয়টি নিয়ে ভীত বিজেপি। এদিন এরই সমর্থনে একটি টুইটার পোস্ট করে জল্পনা বাড়ালেন কুণাল ঘোষ।

লকেটকে নিয়ে কুণাল ঘোষ
এদিন সকালে প্রথমে একটি টুইটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ দেন। তাঁর এই ধন্যবাদ ভবানীপুরে স্টার ক্যাম্পেনার হিসেবে নাম থাকলেও প্রচারে না যাওয়ার কারণে। কুণাল ঘোষ দাবি করেন, বিজেপির তরফে বারবার অনুরোধন করা হলেও লকেট চট্টোপাধ্যায় প্রচারে ভবানীপুরে যাননি। যেখানেই তিনি (লকেট) থাকুন না কেন, সাফল্য কামনা করেছেন কুণাল। সঙ্গে তিনি বলেছেন, পৃথিবীটা খুব ছোট। সঙ্গে তিনি আশাপ্রকাশ করেন, এমন দিন আসবে, যখন লকেট, তাঁর রাজনৈতিক জীবন শুরু করা দলে ফিরে যাবেন। প্রসঙ্গত বেশ কিছু দিন ধরেই সক্রিয় রাজনীতিতে দেখা যাচ্ছে না লকেট চট্টোপাধ্যায়কে। বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পরেই লকেট চট্টোপাধ্যায়ও তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

পাল্টা জবাব লকেটের
কিছুক্ষণের মধ্যেই এই টুইটের পাল্টা জবাব দেন লকেট। তিনি বলেন, কুণাল ঘোষের উচিত ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে না হারেন, তার ব্যবস্থা করা।

মমতাদি জিতবেন বড় ব্যবধানে
লকেট চট্টোপাধ্যায়ের টুইটের জবাব দিয়েছেন কুণাল ঘোষ। সেখানে তিনি বলেছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। মমতাদি ভবানীপুর থেকে বড় ব্যবধানে জিতবেন। সেটাই চাইছেন লকেট, বলেছেন কুণাল ঘোষ। সঙ্গে কুণাল ঘোষ বলেছেন, যেহেতু তিনি (লকেট) দলে রয়েছেন, তাই তাদের পক্ষেই বলতে হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে লকেট চট্টোপাধ্যায় টুইটে ভবানীপুরের বিজেপি প্রার্থীর নাম কেন উল্লেখ করলেন না তা নিয়েও নিশানা করেছেন কুণাল।

২০১৫-র ফেব্রুয়ারিতে লকেট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন
প্রসঙ্গত লকেট চট্টোপাধ্যায় রাজনীতি শুরু করেছিলেন তৃণমূলে। তবে ২০১৫-র ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূলে থাকার সময় লকেট চট্টোপাধ্যায়কে রাজ্য মহিলা কমিশনের সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি মানুষের জন্য কাজ করার আশায় তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু সেখানে তা করতে পারেননি। সেখানে তাঁর শ্বাস রূদ্ধ হয়ে আসছিল। তিনি বলেছিলেন, যেখানেই যাচ্ছিলেন, সারদা নিয়ে কথা শুনতে হচ্ছিল। তৃণমূলের মধ্যে সকলেই সকলকে দুর্নীতির ভাগীদার বলে সন্দেহ করছে। যা তার ভাগ লাগেনি।












Click it and Unblock the Notifications