স্কুলপাঠ্যে অনুকূল ঠাকুরের জীবনী রাখার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে
স্কুলপাঠ্যে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবনী রাখার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে
এবার অনুকূল ঠাকুরকে রাখতে হবে স্কুলপাঠ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে এবার এমনই আবেদন জানালেন খেজুরি সৎসঙ্গ কর্তৃপক্ষ। পড়ুয়াদের মানসিকতা ও ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করতেই মূলত এমন আবেদন করা হয়েছে আশ্রম কর্তৃপক্ষের তরফে। সোমবার এ বিষয়ে আশ্রমের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

প্রসঙ্গত প্রতিবেশী দেশ বাংলাদেশ সরকার তাদের মাধ্যমিক স্তরের পাঠ্যে অনুকূল ঠাকুরের জীবনী ও বাণীকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুল ইসলামের পাশাপাশি মাধ্যমিকস্তরে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবনীকেও স্কুলের পাঠ্য বিষয় হিসাবে রাখা হয়েছে। তাই পড়ুয়াদের মানসিকতার ইতিবাচক বিকাশের স্বার্থেই অনুকূল ঠাকুরকে স্কুলপাঠ্যে রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর পাশাপাশি আগামী ১৪ ফেব্রুয়ারি খেজুরি সৎসঙ্গের ৫২ তম বসন্ত উৎসবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রনও জানানো হয়।
এবিষয়ে খেজুরি সৎসঙ্গের সভাপতি মেঘনাদ মন্ডল ও সম্পাদক সর্বেশ্বর মন্ডল বলেন, 'মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব গ্রহনের পর থেকেই স্কুলের সিলেবাসকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলেছেন। সিলেবাস তৈরি করতে তিনি আলাদা ভাবে কমিটিও গঠন করেছেন। তাই আমরা আবেদন করেছি বাংলাদেশের মতো এ রাজ্যের স্কুল গুলিতেও শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবনী ও বাণী পড়ানো হোক।’












Click it and Unblock the Notifications