বাংলার SIR-এ বেআইনি নিয়োগ! ভোটার তালিকা বিতর্কের মাঝে কড়া পদক্ষেপ কমিশনের, বসিরহাটের বিডিও সাসপেন্ড
বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ঘিরে চলতে থাকা বিতর্কের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। বসিরহাট-২ ব্লকের বিডিও এবং AERO সুমিত প্রতিম প্রধানকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সমস্ত ধরনের কাজ থেকেও তাৎক্ষণিকভাবে সরিয়েও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে, অভিযুক্ত আধিকারিক নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করে ১১ জন অতিরিক্ত AERO নিয়োগ করেছিলেন। কমিশনের বক্তব্য যে, এই ধরনের নিয়োগ করার কোনও আইনগত অধিকার ওই বিডিওর ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের উদ্যোগে নোটিস জারি করে শুনানি পর্ব চালিয়ে যাচ্ছিলেন। যা সম্পূর্ণ প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলেছে।
কমিশনের চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ১৩সি ধারা লঙ্ঘন করেই এই নিয়োগ করা হয়েছে। যে কারণে ওই ১১ জন অতিরিক্ত AERO এতদিন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যেসমস্ত কাজকর্ম করেছেন, সেগুলিকে অবৈধ বলে চিহ্নিত করে বাতিল করা হয়েছে।
এই ঘটনাটি ঘটার পর বিষয়টি নিয়ে আলাদা করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেইসঙ্গে, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য নির্বাচন দফতরের কাছ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। কমিশন সূত্রে ইঙ্গিত যে, রিপোর্ট খতিয়ে দেখার পর প্রয়োজন পড়লে আরও প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে।
ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এরকম ধরনের অনিয়মের অভিযোগ সামনে আসার পরেই রাজনৈতিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications