Nabanna Chalo: চার ছাত্রকে গ্রেফতারের কারণ জানাল পুলিশ, আদালতে দেখা হবে, হুঙ্কার শুভেন্দুর
Nabanna Chalo: নবান্ন চলো অভিযানের আগে হাওড়া স্টেশন থেকে চার ছাত্র নিখোঁজ। আজ সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি করতেই শোরগোল পড়ে গিয়েছে।
অবশেষে টুইট করে পশ্চিমবঙ্গ পুলিশ জানাল, কেউ নিখোঁজ নন। ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে জানান, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার হাওড়া স্টেশনে স্বেচ্ছাসেবকদের মধ্যে খাবার বিতরণ করছিলেন। মধ্যরাতের পর থেকে তাঁদের সন্ধান মিলছে না। ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
পুলিশ এই প্রতিবাদী ছাত্রদের গ্রেফতার বা আটক করে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু। এই চারজনের কোনও রকমের ক্ষতি হলে 'মমতা পুলিশ' দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা।
এর কিছুক্ষণ পরে রাজ্য পুলিশের তরফে শুভেন্দুর নাম না নিয়ে এক্স হ্যান্ডলে লেখা হয়, একজন রাজনৈতিক নেতা চার ছাত্রকে নিয়ে মিথ্যা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। দাবি করা হচ্ছে, তাঁরা নাকি মধ্যরাতের পর থেকে নিখোঁজ। কিন্তু বাস্তব হলো, কেউই নিখোঁজ নন।
The families have approached Hon'ble Calcutta High Court.
— Suvendu Adhikari (@SuvenduWB) August 27, 2024
See you in Court Mamata Police... https://t.co/fGDNYobY9P
পুলিশের দাবি, ওই চারজন নবান্ন অভিযানকে কেন্দ্র করে বড় মাপের হিংসাত্মক কার্যকলাপের ছক কষেছিলেন। এমনকী হত্যা বা হত্যার চেষ্টার মতো ষড়যন্ত্রেও লিপ্ত ছিলেন। জনগণের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের পরিবারকেও জানানো হয়েছে।
উল্লেখ্য, এদিনই ওই চার ছাত্রের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করা হলে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। কাল শুনানি রয়েছে। শুভেন্দু সে কথা জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, মমতা পুলিশের সঙ্গে আদালতেই দেখা হবে।
তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে শুভেন্দুর পোস্টের পাল্টা লেখেন, "সকালবেলা উত্তেজনা ছড়াতে এই পোস্ট। এরা কারা?
সত্যিই নিখোঁজ? এধরণের কোনো অন্তর্ঘাতমূলক কাজ ওদের নিজেদের করা নয় তো? গতকালই আমরা বলেছিলাম।'ছাত্র সমাজে'র নামে কর্মসূচির টাকা আসছে কোথা থেকে? উস্কানি দিয়ে গোলমাল করাতে এই ধরণের রটনা (বা ঘটনা তৈরি) কিনা, তদন্ত দরকার।"
কুণাল সংবাদমাধ্যমকে আক্রমণ করে আরও লেখেন, একাধিক টিভি চ্যানেলে
একতরফাভাবে 'ছাত্র সমাজ' নিয়ে বিজেপি নেতার টুইটের অভিযোগ দেখিয়ে অ্যাঙ্করের চিৎকারসহ প্ররোচনা ছড়ানো হচ্ছে। এর জবাবি যুক্তি, টুইট, বয়ান দেখানো হচ্ছে না। চার ছাত্র কারা? কোথায় গেল? নিজেরাই কিছু করছে না তো? পুলিশ ধরেছে কোনো অভিযোগে? গতকাল থেকে আমরা বলে আসছি। রাজ্য পুলিশের টুইটও রিটুইট করেছেন কুণাল।












Click it and Unblock the Notifications