খেলতে খেলতে বিপদ! রাস্তার ধারে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে দগ্ধ চার, আশঙ্কাজনক অবস্থায় এক জন
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা মেরামতির কাজ চলাকালীন রাস্তার পাশে পড়ে থাকা প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (LDO) ভর্তি একটি ড্রামে আচমকা বিস্ফোরণ ঘটে যায়। দুর্ঘটনাটির সময় পাশেই খেলছিল চার পড়ুয়া। বয়স ৮ থেকে ১০ বছর হবে। সেই বিস্ফোরণে চারজনই দগ্ধ হয়। অসহ্য যন্ত্রণার কারণে একজন পাশের পুকুরে ঝাঁপ দিয়ে দেয়।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের এলাকাটিতে। স্থানীয়দের অভিযোগ যে, কাজের মাঝখানেই দাহ্য পদার্থ ভর্তি ড্রাম খোলা জায়গায় ফেলে রাখা ছিল।
যে চার পড়ুয়া আহত হয়েছে তাদের নাম হল সাদিকুল মোল্লা, সামিউল মোল্লা, রায়হান মোল্লা এবং রিয়াজ হাসান মোল্লা। এই চারজনই খড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। প্রথমে তাদেরকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তিনজনকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সাদিকুল সংকটজনক অবস্থায় রয়েছে।
খবর পাওয়ার পর ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছে যান। আহতদের পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক।
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও এলাকায় পৌঁছে গেছে। স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানারকমের প্রশ্ন। সেইসঙ্গে শিশুদের সুরক্ষা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।












Click it and Unblock the Notifications