কাজ থামিয়ে কর্মীদের হেনস্থা হলদিয়ায়, দাদাগিরিতে অভিযুক্ত শাসক দল
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে রাজ্যে শিল্পায়নে গতি আনতে উদ্যোগী, সেখানে শিল্প শহর হলদিয়ায় একটি শিল্প সংস্থার কাজে বাধাদান ও কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। সকালের ঘটনা ঘটলেও সন্ধ্যা অবধি পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও ক্ষুব্ধ রিপ্লে নামক সংস্থাটি। এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

হলদিয়ায় দাদাগিরি
ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে ৮টা নাগাদ। ৯টি বোঝাই ডাম্পার আনলোডিংয়ের জন্য যাচ্ছিল পেট্রোকার্বন প্লান্টের দিকে। সংস্থার তরফে পুলিশকে জানানো হয়েছে, রানিচকে বিদ্যাসাগর সেতুর কাছে ডাম্পারগুলি এলে তা থামান শেখ মজফ্ফর। তিনি জানতে চান, পেট্রোকার্বন প্লান্টের দিকে এভাবে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়ার কাজ নিয়মিত চলছে কিনা। সংস্থার কর্মীরা কাজ চলার কথা জানালে শেখ মজফ্ফর পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি কাজ বন্ধ রাখতে বলেন। কর্মীরা অনুরোধ করেন আজ আনলোডিংয়ের জন্য গাড়িগুলিকে ছেড়ে দিতে। শেখ মজফ্ফর সে ব্যাপারে রাজি হতেই ঘটনাস্থলে হাজির হয় ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী। এরপর কার্তিক অধিকারী নামে রিপ্লে-র এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এই প্রতিবেদন লেখা অবধিও গাড়িগুলিকে আটকে রাখা হয়েছে।

অস্বস্তিতে শাসক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ মজফ্ফরের পুত্র শেখ আসগর আলি (পল্টু) হলদিয়া পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল। এ ছাড়া তিনি জেলা তৃণমূল যুব সহ সভাপতির পদেও রয়েছেন। শেখ মজফ্ফরেরও ব্যবসা রয়েছে। তিনি আগে সিপিআইএম করতেন, পরে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। ভোটের পর থেকে তিনি তৃণমূলের দিকেই ঝুঁকে বলে অভিযোগ।

রাজনৈতিক মহলে চাঞ্চল্য
স্বাভাবিকভাবেই শিল্পশহরে আজ শেখ মজফ্ফরের এমন দাদাগিরি রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। সংস্থার তরফে পুলিশে অভিযোগ জানানো হলেও সন্ধ্যা অবধি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে অসন্তোষ বাড়ছে।

আশঙ্কায় সংস্থা
কর্মীদের এমন হেনস্থা যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত পদক্ষেপ না করলে সংস্থার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থার মেটেরিয়ালস ও পিআর বিভাগের জিএম শুভজিৎ রায়। সংস্থার ডিরেক্টর গোল্ডেন সিনহা। কলকাতায় কর্পোরেট ও রেজিস্টার্ড অফিস রয়েছে সংস্থাটির, এ ছাড়া হলদিয়া, পারাদীপ ও বিশাখাপত্তনমেও বন্দরের কাজকর্মে যুক্ত সংস্থাটির দফতর রয়েছে।












Click it and Unblock the Notifications