শুকনো খাবারের গুদামে ভয়াবহ আগুন, ভিতরে আটকে কর্মীরা, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১২টি ইঞ্জিন
ফের কলকাতায় আগুন! ভোর প্রায় ৩টা থেকে আনন্দপুর এলাকায় একটি শুকনো খাবারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর থেকেই আগুন জ্বলছে এবং দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। গুদামের ভিতরে সেখানকার কয়েক জন কর্মী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।

দমকল সূত্রে জানা গিয়েছে যে, ঘটনাস্থলে মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে। নাজিরাবাদ এলাকার ওই গুদামে মূলত প্যাকেটজাত শুকনো খাবার এবং ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। সেখানকার স্থানীয় বাসিন্দারা গভীর রাতে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেন। তারপর তাঁরা দমকলে খবর দেন। তবে খুব তাড়াতাড়ি আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
অনেক্ষন ধরে আগুন জ্বলতে থাকায় গুদামের ভেতরে থাকা প্রায় সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাইরে থেকেও আগুনের বিশাল শিখা দেখা যাচ্ছে। পুরো এলাকাজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিক ভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ঘটনাটি যে সময়ে ঘটেছে সেই সময় গুদামে রাতের ডিউটিতে কয়েক জন কর্মী ছিলেন। প্রথমে তাঁরাই দমকলে ফোন করেন। তাঁদের মধ্যে কয়েক জনকে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের আশঙ্কা যে, তাঁরা গুদামের ভিতরেই আটকে পড়েছেন।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি। দমকল এবং প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications