নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ ইডির
নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আগামী মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জেরা করে সিবিআই।
এবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আর এই নোটিশ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তৃণমূলের। এই প্রসঙ্গে শান্তনু সেন বলেন, প্রতিহিংসার রাজনীতি চলছে। নবজোয়ার কর্মসূচি এতটাই সাফল্য পেয়েছে যে ওরা ভয় পেয়েছে। রাজনৈতিক ভাবে না পড়ে তদন্তকারী এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতার। তাঁর কথায়, মানুষ সমস্তটাই নজর রাখছে। ঠিক সময়ে এর জবাব দেবে।
পাল্টা বিজেপির দাবি, কিছু না করলে ভয় পাওয়ার কিছু নেই। সরাসরি তদন্তের মুখোমুখি হওয়ার পরামর্শ। তবে নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যপাধ্যায়কে কেন তলব তা এখনও স্পষ্ট নয়। তবে কুন্তল ঘোষের চিঠির পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।
তাৎপর্যপূর্ণ ভাবে কালীঘাটের কাকু এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে। ইতিমধ্যে তাঁকে জেরা করে বেশ কয়েকটি সংস্থার নাম পেয়েছেন তদন্তকারীরা। যার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
আর এই কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার লিপস এন্ড বাউন্ডের অন্যতম ডিরেক্টর। আর তা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা রাজনৈতিকমহলে। আর এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এমনকি সুজয়কৃষ্ণ ভদ্রের মুখোমুখি অভিষেককে বসানো হবে? সেই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না একাংশ। এর আগে সিবিআই কুন্তলের চিঠি ছাড়াও নিয়োগ দুর্নীতির একাধিক বিষয় অভিষেকের কাছ থেকে জানতে চেয়েছেন। আর তা নিজেই জানিয়েছেন তিনি। এই অবস্থায় ইডির নোটিশ খুবই গুরুত্বপূর্ণ। তবে এই নোটিশে সাড়া অভিষেক দেন কিনা সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications