‘বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি!’ মমতার এই অভিযোগকে চ্যালেঞ্জ দিলীপের
পাহাড় যখন শান্ত হওয়ার চেষ্টা করছে, তখনই কেন্দ্রের এই ধরনের সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। সেই কারণেই বিজেপি পার্টি অফিসের কথা শুনে নরেন্দ্র মোদীর সরকার পাহাড়় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। পাহাড় যখন শান্ত হওয়ার চেষ্টা করছে, তখনই এই ধরনের সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, কেন বারবার মুখ্যমন্ত্রী আগুন জ্বালাবেন পাহাড়ে, আর তা শান্ত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এটা চলতে পারে না। কেন্দ্রের অধিকার রয়েছে, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা একেবারেই অগণতান্ত্রিক, অসাংবিধানিক সিদ্ধান্ত। দিলীপবাবু মুখ্যমন্ত্রীর এই কথারও পাল্টা দিয়েছেন। তিনি বলেন, কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা স্থির করবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তা নিয়ে রাজ্য মাতা ঘামাতে পারে না। রাজ্যের সমস্যা রাজ্যকেই মেটাতে হবে। কেন সমস্যার পড়লেই কেন্দ্রের মুখাপেক্ষী হবে রাজ্য?
কেন্দ্রীয়মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়াও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন। তিনি বলেন, কে চক্রান্ত করছে, সে কথা জানেন পাহাড়বাসী। বিজেপিকে অযথা কাঠগড়ায় তোলা হচ্ছে। পাহাড় মানুষই এর যোগ্য জবাব দেবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিজেপির এক মন্ত্রীই এই সবের নেপথ্যে। এরপরই আলুওয়ালিয়ার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications