রাজ্য সঙ্গীত অবমাননা! শুভেন্দুদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তৃণমূলের
পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিস্তর হই হট্টগোল হয়েছিল। বৃহস্পতিবার রাজ্য সঙ্গীতের অবমাননা করা হয়েছে। এমন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। এবার শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হল।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ক স্বাধিকার ভঙ্গ করেছেন। বিধানসভায় রাজ্য সঙ্গীতের অবমাননা করেছেন। এমন অভিযোগ তোলা হয়েছে। আজ শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নোটিশ দেওয়া হয়।

তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতন নির্মল ঘোষ অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, শিখা চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
বিধানসভায় রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। অবমাননা করা হয়েছে রাজ্য সঙ্গীতকে। এছাড়াও রাজ্য সঙ্গীত করতে বাধা দান, অধিবেশন চলাকালীন গোলমালের অভিযোগ আনা হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই স্বাধিকার ভঙ্গের নোটিশ আজ বিধানসভাতে পড়ে শোনান। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন কথাও বলেছেন স্পিকার।
শুভেন্দু অধিকারীরা রাজ্য বাজেট পেশ করতে বারবার বাধা দিয়েছেন। অধিবেশন চালানোর সময় হই হট্টগোল করেছেন। রাজ্য সঙ্গীত হওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে। এমন অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে।
তবে এই বিষয় গায়ে মাখতে রাজি নন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এখন অবধি ছয় বার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মানুষের কথা বলার জন্য তিনি বিধানসভায় এসেছেন। তাই মানুষের কথা বলবেন। তৃণমূলের কারোর কথা, অভিযোগ তিনি তোয়াক্কা করেন না। এমনই জোর গলায় দাবি করেছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications