ভোটে হেরে অধীর-বামেদের নিয়ে বিস্ফোরক শঙ্কর মালাকার, সনিয়া গান্ধীকে দিলেন চিঠি
ভোটে হেরে অধীর-বামেদের নিয়ে বিস্ফোরক শঙ্কর মালাকার, সনিয়া গান্ধীকে দিলেন চিঠি
ফেসবুকে জ্বলজ্বল করছে ভোটের প্রচারে সিপিএমকে (cpim) নিয়ে প্রচারের ছবি। কিন্তু হেরে গিয়েছেন তিনি। বামেদের মতো কংগ্রেসও রাজ্য থেকে কোনও আসন পায়নি স্বাধীনতার পরে প্রথমবার। এবার সেই হারে অন্তর্তদন্ত শুরু করেছে কংগ্রেস। আর তখনই ভোটের আগে সিপিএম-এর সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা (congress) শঙ্কর মালাকার (shankar malakar) বলছেন, ভোটের আগে তাঁদের মতকে প্রাধান্য দেওয়া হয়নি। যা নিয়ে তিনি চিঠি দিয়েছেন দলের সভানেত্রী সনিয়া গান্ধীকে (sonia gandhi)।

সরাসরি আলোচনা চান সনিয়ার সঙ্গে
আগেরবার বামেদের সঙ্গে জোট করে জিতেছিলেন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে। কিন্তু এবার তিনি হেরে গিয়েছেন। হারের কারণ অনুসন্ধানে কংগ্রেসের তরফে কমিটি গঠন করা হয়েছে। কমিটির তরফে বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরির কথা রয়েছে। কিন্তু হারের কারণ নিয়ে কোনও কমিটির সঙ্গে কথা বলতে চান না উত্তরবঙ্গের বর্ষীয়ান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার। সরাসরি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে চেয়ে তিনি চিঠি দিয়েছেন সনিয়া গান্ধীকে।

বামেদের সঙ্গে জোট নিয়ে মতামত চাওয়া হয়নি
ভোটের আগে দীর্ঘদিন ধরে জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছিলেন। ঠিক তেমনই ছিলেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানের মতো নেতারা। এব্যাপারে বর্ষীয়ান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার দাবি করেছেন, বামেদের সঙ্গে জোট নিয়ে তাঁদের মতো কোনও নেতার মতামত নেওয়া হয়নি। তাঁর দাবি বামেদের সঙ্গে জোটের তত্ত্ব বিশ্বাস করতে পারেনি মানুষ। তাঁর মতে অদ্ভুত জোটে জেলার নেতাদের মতামত নেওয়া হয়নি।

কার্যত অধীর চৌধুরীকেই নিশানা
সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম না করলেও, সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, রাজ্য কংগ্রেসের বিপর্যয়ের জন্য তিনি কোনও কমিটির সঙ্গে কথা বলতে চান না। শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা চান তিনি। এব্যাপারে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন শঙ্কর মালাকার।

অধীর-মান্নানের জন্যই হার, বলেছিলেন রোহন মিত্র
দিন কয়েক আগে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র অভিযোগ করেছিলেন এবারের হার অধীর-মান্নানের জন্যই। অধীর-মান্নান কংগ্রেসে লবিবাজি করেছেন, আব্বাসের সঙ্গে জোট করেছিলেন। কোনওরকম আলোচনা ছাড়াই জোট হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। নির্বাচনী প্রচারের বিজেপিকে আক্রমণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications