বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, পরিবারের তাণ্ডব রামপুরহাট হাসপাতালে
রামপুরহাট, ১৩ সেপ্টেম্বর : বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের রামপুরহাট জেলা হাসপাতাল। দফায় দফায় বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়। রোগীর আত্মীয়-স্বজনেরা ভাঙচুর চালান হাসপাতালে। প্রহৃত হন চিকিৎসক-নার্সরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। সকাল সাড়ে সাতটা নাগাদ এক রোগী ভর্তি হন হাসপাতালে। রোগীর অবস্থা সঙ্কটজনক হওয়া সত্ত্বেও একপ্রকার বিনা চিকিৎসায় তাঁকে ফেলে রাখা হয় বলে অভিযোগ। দেড়ঘণ্টা ওই অবস্থায় পড়ে থাকার পর তাঁর মৃত্যু হয়।

এরপরই চিকিৎসক-নার্সদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর পরিবার-পরিজনরা। স্থানীয় জনতাও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভে শামিল হন। তাঁরাও কাঠগড়ায় তোলে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতাল চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়।
মৃতের পরিবারের তরফে অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতিতেই বিনা চিকিৎসায় মৃত্যু হল তাঁদের পরিজনের। এই ঘটনায় দায়িত্বজ্ঞানহীন চিকিৎসক-নার্সদের কঠোর শাস্তি দাবি করা হয়। থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর আত্মীয়রা।












Click it and Unblock the Notifications