পার্শ্ব শিক্ষকদের ধরনা মঞ্চে যোগ দিয়ে রাজ্য সরকারকে আক্রমণ অর্জুনের
বিকাশ ভবনের একশো মিটার দূরে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে কয়েক হাজার পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা।
হাইকোর্ট থেকে নির্দেশ পাওয়ার পর ১১ নভেম্বর থেকে বিকাশ ভবনের একশো মিটার দূরে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কয়েক হাজার পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা। আজ চতুর্থ দিন। পার্শ্ব শিক্ষকদের ধরনা মঞ্চে আসেন সাংসদ অর্জুন সিং।

অর্জুন সিং বলেন, এদের আন্দোলনের সঙ্গে নিশ্চিত ভাবে আছি। কল্যাণী থেকে এদের আন্দোলনে আছি।যতদিন না এদের পাওনা আদায় না হচ্ছে এদের আন্দোলনের সঙ্গে আমি আছি।
বিজেপি সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানবিক বলে কোনও ব্যাপার নেই। উনি মুখে মানবিক। যদি সংবিধান না থাকত তাহলে এখানে যতজন আছেন তাদের উপর দিয়ে রোলার চালিয়ে মেরে দিতেন। শিক্ষকদের মাটিতে বসে এভাবে আন্দোলন করছেন এটা গ্রহণযোগ্য নয়। এই নিয়ে রাজ্যপাল যে কথা বলেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন না। তাঁর পরিবারের লাভ হয় না, এমন কোনও কাজ উনি করবেন না।
অর্জুনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রোজেক্টে যে টাকা দিচ্ছে যেগুলো ট্রেজারিতে যায় সেই কাজ তিনি করেন। কিন্তু আয়ুষ্মান ভারত প্রোজেক্টের টাকা সরাসরি মানুষের কাছে যায় সেই প্রোজেক্ট তিনি করবেন না। যেখানে তার লাভ নেই তাই সেটা উনি করবেন না। প্যারা টিচারদের টাকা মেরে নীল সাদা রং করে যাচ্ছেন। কারণ তার ভাইপো-রা ওই কোম্পানির মালিক।












Click it and Unblock the Notifications