লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মহঃ শামি? পশ্চিমবঙ্গের এই আসনে লড়াই নিয়ে জল্পনা
লোকসভা নির্বাচনে ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িটি আসন রয়েছে। সেই তালিকায় সেরকম কোনও চমক না থাকলেও বিজেপির তরফে বলা হয়েছিল পরবর্তী প্রার্থী তালিকায় চমক থাকবে। তার মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্ষীয়ান নেতা তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন. তাঁরা যথাক্রমে তমলুক ও উত্তর কলকাতা থেকে প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর।
অন্যদিকে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেটার মহঃ শামি কেও বিজেপি এই বাংলা থেকে প্রার্থী করতে পারে। বিষয়টি নিয়ে বিজেপির তরফে নাকি শামিকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাননি তিনি। বর্তমানে তিনি পায়ে অস্ত্রোপচারের পরে বিশ্রামে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে মহঃ শামির প্রশংসা করেছেন এবং অস্ত্রোপচারের পর শামির দ্রুত আরোগ্য কামনা করেছেন। এরপর শামি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান।
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে গিয়ে ফাস্ট বোলার হিসেবে খ্যাতি পান মহঃ শামি। তারপরে তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পান। এবারের বিশ্বকাপেও তিনি খেলেছেন। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে তাঁর নাম এখনও বাংলার সঙ্গেই যুক্ত।
২০২৩-এ বিশ্বকাপ ক্রিকেটে হারে পরে ভারতীয় দলকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। সেই সময় মহঃ শামিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত রাখতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। সেই ছবি ভাইরাল হয়। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁকে অর্জুন পুরস্কারও দেওয়া হয়।
শামির জন্ম উত্তর প্রদেশের আমরোহাতে হলেও তাঁর ক্রিকেট কেরিয়ার বাংলার হয়ে। বাংলাতেই ক্রিকেট শেখা এবং সেখান থেকেই পেশাদার ক্রিকেট খেলে আন্তর্জাতিক খ্যাতি। গত বছরের বিশ্বকাপে শামি ৭ টি ম্যাচে ২৪ টি উইকেট পেয়েছেন। এর মধ্যে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স, ৫৭ রানে সাত উইকেট।
বিশ্বকাপ ফাইনালের আগের দিন উত্তর প্রদেশের যোগী সরকার ঘোষণা করে শামির নিজের গ্রামে একটি মিনি স্টেডিয়াম এবং একটি ওপেন জিম তৈরি করে দেওয়া হবে। সেখানে কোচিংয়ের ব্যবস্থাও থাকবে। তবে শামি নিজের গ্রামে একটি মাঠ আগেই তৈরি করেছিলেন। সেখানে তিনি যখনই যান শিশুদের প্রশিক্ষণ দেন।
সূত্রের খবর এহেন শামিকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে। একটা সময়ে এই বসিরহাট থেকে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়েছেন সিপিআই-এর রেণু চক্রবর্তী, ইন্দ্রজিৎ গুপ্ত, অজয় চক্রবর্তীর মতো নেতারা। ২০০৯ থেকে আসনটি তৃণমূলের দখলে। বর্তমানে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। বসিরহাটের অধীন সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি নিয়ে তাঁর মন্তব্যকে কটাক্ষ করেছেন দলের নেতারাই।












Click it and Unblock the Notifications