বিজেপি কীভাবে পতনের দিকে এগোচ্ছে! রাজ্য ধরে ধরে দেখালেন মমতা
এই পাঁচ রাজ্যের ভোটের ফলাফলকে সেমিফাইনাল বলে ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী।
বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। একথা আগে বহুবার বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার পাঁচ রাজ্যের ভোটের ফল সামনে আসতেই কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তিনি। এদিন স্পষ্ট জানিয়ে দিলেন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

এই পাঁচ রাজ্যের ভোটের ফলাফলকে সেমিফাইনাল বলে ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী। জানিয়ে দিলেন, লোকসভার ফাইনালের আগে সেমিফাইনালে দেশের মানুষই মোদী সরকারকে হারিয়ে দিয়েছেন।
মমতা বলেছেন, বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষ তা বুঝতে পেরেছে। এখন যে রাজ্যে ভোট হবে সেখানেই বিজেপি হারবে। এই রাজ্যগুলিতে মানুষ বিরোধীদের ভোট দিয়েছে। কংগ্রেস জোট করে লড়ে সরকারে এসেছে। আমরা লড়াই করিনি। তবে বিরোধী ঐক্যে আমাদের সমর্থন রয়েছে।
মমতার কথায়, দক্ষিণ ভারতে বিজেপির কিছুই নেই। উত্তর-পূর্ব ভারত খুব ছোট একটা জায়গা। কেন্দ্রে যাঁরা ক্ষমতায় থাকে তাঁরাই ওখানে ক্ষমতায় থাকে। এছাড়া পূর্ব ভারতে বাংলা, ওড়িশায় বিজেপি নেই। বিহারে মহাজোটের কাছে হেরেছিল। পরে লালুজী সরে যাওয়ায় ক্ষমতা পেয়েছে। তবে এখানে পরের ভোটে হারবে।
এছাড়া মহারাষ্ট্রে ভোট হলে হারবে। গোয়ায় কীভাবে সরকারে এসেছে সকলেই জানে। উত্তর ভারতেও ক্ষমতা কমেছে। ফলে সবমিলিয়ে বিজেপির উল্টোযাত্রা যে শুরু হয়ে গিয়েছে তা মমতা বুঝিয়ে দিলেন।
ফের একবার জানালেন, যে রাজ্যে যে দল শক্তিশালী সেই দলকে দিয়েই বিজেপিকে রাজ্যে রাজ্য়ে আটকাতে হবে। এই মূলমন্ত্রের কথাই আগেও মমতা জানিয়েছেন। এদিন ফের একবার বিরোধীদের মনে করিয়ে দিলেন তিনি।












Click it and Unblock the Notifications