RG Kar Hospital Protest: সুপ্রিম কোর্টের আবেদনেও না! আন্দোলনের পথেই থাকছেন ডাক্তাররা
RG Kar Hospital Protest: আন্দোলনের পথ থেকে এখনও সরছেন না জুনিয়ার ডাক্তাররা। ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলা। দেশের বিভিন্ন জায়গায় ঝড় উঠছে প্রতিবাদের। বিচারের দাবিতে নৃশংস এই ঘটনার পর থেকেই কর্মবিরতি শুরু করেছেন আরজি কর হাসপাতালের জুনিয়ার চিকিৎসকরা। কর্মবিরতি চলছে বাংলার অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতেও।
কার্যত শিকেয় বাংলার স্বাস্থ্য পরিষেবা। তবে এখনই কর্মবিরতির পথে সরে আসছেন না বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। ইতিমধ্যে যদিও আন্দোলনকারী ডাক্তারদের আর্জি মেনে একাধিক পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে একাধিক রদবদল করে স্বাস্থ্য দফতর।

অধ্যক্ষ সুহৃতা পাল সহ শীর্ষ চার আধিকারিককে সরিয়ে দেওয়া হয়। ঘটনার পরেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। বুধবার সেই নির্দেশও বাতিল করা হয়। এরপরেই রাজ্যের স্বাস্থ্য সচিব আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান।
বলেন, সমস্ত দাবিই মেনে নেওয়া হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত দাবি কার্যকর করা হয়েছে। এবার কাজে ফিরুন। কিন্তু তাতেও বরফ গলেনি। ডাক্তাররা বলেন, আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই কী রিপোর্ট দেয় তা দেখেই ব্যবস্থা। এদিন বড় স্ক্রিনে সম্পূর্ণ শুনানির লাইভ স্ট্রিমিং দেখেন ছাত্রছাত্রীরা। মামলার শুনানিতে একাধিক তথ্য উঠে আসে। শুধু তাই নয়, আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান সুপ্রিম কোর্ট৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তাঁরা যাতে কাজে ফেরেন সেই আবেদন জানায় সুপ্রিম কোর্ট। যদিও হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে বলে এদিন আদালতে অভিযোগ জানান ডাক্তারদের আইনজীবীরা। যদিও বিষয়টি হাসপাতালে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী দেখে নেবে বলে জানানো হয়।
কিন্তু এদিন সুপ্রিম কোর্টের আবেদনেও কাজে ফিরছেন না জুনিয়ার ডাক্তাররা। আন্দোলন যেমন চলছে, তা চলবে বলেই জানা যাচ্ছে। শুধু সুপ্রিম কোর্ট নয়, এর আগে কলকাতা হাইকোর্টও ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, আমি পা'য়ে ধরছি, কাজে ফিরুন। মানুষকে পরিষেবা দিন।












Click it and Unblock the Notifications