'২০১৮-য় পঞ্চায়েত ভোটে শান্তনুর নেতৃত্বেই চলেছিল সন্ত্রাস', বিস্ফোরক দাবি বলাগড়ের তৃণমূল নেতারই
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। পঞ্চায়েত ভোটে শান্তনুর নেতৃত্বে সন্ত্রাস চলেছিল বলে ফাঁস করে দিয়েছেন বলাগড়ের তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, নিজের পছন্দমতো প্রার্থীকে জেতাতে ২০১৮-র পঞ্চায়েত ভোটে সন্ত্রাস চালিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। একাধিক জায়গায় ফ্ল্যাট, ধাবা, বিলাসবহুল বাংলো বাড়ির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে শান্তনুর। তার হিসেব পেতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোনে অনেক তথ্য লুকিয়ে রয়েছে বলে দাবি করেছে ইডি।
নিয়োগ দুর্নীতির টাকা প্রোমোটিংয়ের ব্যবসায় ব্যবহার করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনই অনুমান করছেন ইডির আধিকারীকরা। তাঁর প্রমোটিং কোম্পানির হদিশ পেয়েছে ইডি। বলাগড়ে একাধিক বহুতল নির্মাণে টাকা ঢেলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এদিকে শান্তনুর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাঁর দলেরই নেতারা। শান্তনু বন্দ্যোপাধ্যায় ২০১৮ পঞ্চায়েত ভোটে সন্ত্রাসে মদত দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বলাগড়ে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের এই নেতাদের দাবির পরেই সেই অভিযোগ সত্যি প্রমাণিত হয়ে গিয়েছে।
শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেও জিতেছিলেন এবং নিজের পরিবারের লোকেদেরও এই ভাবেই জিতিয়েছিলেন। এলাকায় নিজের দাপট বজায় রাখতে ৪০-৫০ জন লোক নিয়ে ঘুরতেন। শুধু নিজেই জেতেননি নিজের স্ত্রী এবং ভাইকেও জিতিয়ে এনেছিলেন তিনি। শান্তনু বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন পুরো দুর্নীতির মাথা কুন্তল ঘোষ।
এদিকে দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে বহিষ্কার করেেছ তৃণমূল কংগ্রেস।
শশী পাঁজা এবং ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন। তাঁরা দাবি করেছেন দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সেকারণে পার্থ চট্টোপাধ্যায়ের মতই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হল। তাঁদের দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।












Click it and Unblock the Notifications