বিজেপি থেকে ইস্তফার হিড়িক পড়েছে, আসল রহস্যটা কী! ফেসবুকে পোস্টে ব্যাখ্যা অনুপমের
বিজেপি থেকে ইস্তফার হিড়িক পড়েছে, আসল রহস্যটা কী! ফেসবুকে পোস্টে ব্যাখ্যা অনুপমের
মুকুল রায়ের অনুগামী হয়ে তৃণমূল সাংসদ অনুপম হাজরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে তিনি বর্তমানে তলিয়ে গিয়েছেন বলে নিজেই জানালেন। বঙ্গ নেতৃত্বের থেকে দূরে থেকে তাঁর মতো নেতারা এখন দেখছেন একের পর এক নেতা ইস্তফা দিচ্ছেন। সে জন্যই তিনি জানতে চাইলেন, জানাতে চাইলেন- আসল রহস্যটা কী?

কেন ছেড়ে চলে যাচ্ছেন, বিশ্লেষণের পরামর্শ
ফেসবুক পোস্টে বিজেপি নেতা অনুপম হাজরা প্রশ্ন তুলে দিয়েছেন, কেন এতগুলো ইস্তফা একসঙ্গে? এই ইস্তফা নিয়ে রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত। যাঁরা পার্টির অসময়ে ছিলেন। আদি বিজেপি নেতা। পার্টির জন্য মুখ বুজে কাজ করেছেন, তাঁরা কেন ছেড়ে চলে যাচ্ছেন, বর্তমান নেতৃত্বের তো সর্বাগ্রে তা বিচার বিশ্লেষণ করে দেখা উচিত।

বিজেপিতে ফের আঘাত নেমে এসেছে
এদিনই মুর্শিদাবাদের বিধায়ক তথা বিজেপির সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র-সহ আরও কয়েকজন বিজেপি নেতা ইস্থফা দিয়েছেন। রাজ্য দুই কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবি হওয়ার পরদিনই বিজেপিতে ফের আঘাত নেমে এসেছে। তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁরও নিশানা রাজ্য বিজেপির বর্তমান শীর্ষ নেতত্বের দিকে।

কাজে লাগায়নি, কোথায় তলিয়ে গিয়েছে
অনুপম হাজরা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি যতদূর জানি গৌরীশংকরবাবু একজন ভালো সংগঠক। যাদেরকে এতদিন গুরুত্ব দেওয়া হ'ল, তারা সব দল ছেড়ে চলে গেছে, আর যারা এতদিন মাটি কামড়ে পড়েছিল, তারা ইস্তফা দিচ্ছেন। এরপর তিনি নিজের কথাও বলেন। বলেন, আর এক শ্রেণির মানুষ আছে যারা আমার মতো, যারা বঙ্গ-বিজেপির অসময়ে এসেছিল, কিন্তু পার্টি তাদের কাজে লাগায়নি, কোথায় তলিয়ে গিয়েছে।

প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল রাজীব-সব্যসাচীর দিকে
অনুপম হাজরা তাৎপর্যপূর্ণভাবেই বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি আরও লিখেছেন, যখন পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিতে যোগ দিতে ভয় পেত, তখন আমি বিজেপিতে যোগ দিয়েছি। তাঁর কথায় প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল রাজীব-সব্যসাচীর দিকে। তিনি লেখেন, বঙ্গ-বিজেপির সুসময়ে যোগ দেওয়া রাজীব-সব্যসাচী এবং কিছু অভিনেতা-অভিনেত্রীদের মতো জামাই আদর খাওয়া মানুষদের বিজেপিতে আসার অনেক আগে আমি বিজেপিতে।

এই ধরনের কথা শুনে শুনে ক্লান্ত অনুপম
এদিন আক্ষেপের কথা তাঁর ফেসবুক পোস্টে লিপিবদ্ধ করেছেন অনুপম। লিখেছেন, বিজেপিতে যোগদান করে, রাস্তায় নেমে যথেষ্ট পরিমাণে আন্দোলনও করেছি, যখন অন্যদের মাঠে নেমে আন্দোলন করতে দেখা যেত না, তৃণমূলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ কেসও খেয়েছি। আর এখন প্রতিনিয়ত "দাদা মাঠে নামুন, আপনাদের আর আন্দোলনে দেখা যায় না কেন? শুধু সোশ্যাল মিডিয়াতে লেকচার দিলে হবে?" এই ধরনের কথা শুনে শুনে ক্লান্ত হয়ে যাচ্ছি।
কেন ছাড়ছেন বিজেপি, আসল রহস্যটা কী?
অনুপম হাজরা বলেন, একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়েও আমরা দূরে দূরে থাকছি। রাজ্য বিজেপি থেকে দূরে দূরে থাকছি, দিল্লিতে বা অন্য রাজ্যে পার্টির কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছি। এবার আসল রহস্য উন্মোচনের সময় এসেছে। অনুপম বলেন, আমি ফেসবুকে পোস্ট করেছি, কারণ আমি জানতে চাইছি, আমি যেটা ভাবছি, অন্যরাও সেই একই কথা ভাবছেন কি না। যাঁরা এতদিন দাঁতে দাঁত চেপে বিজেপিতে ছিলেন, তাঁরা কেন ছাড়ছেন বিজেপি, আসল রহস্যটা কী?












Click it and Unblock the Notifications