মেসি কাণ্ডের পর প্রশাসনিক পদক্ষেপ, ফের দপ্তর বদল মুকেশের, পুলিশে ব্যাপক রদবদল
যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি কে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার পর থেকেই প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ। সেই ঘটনার জেরে শোকজ নোটিশ, তারপর বদলি এবার ফের তাঁর দপ্তর পরিবর্তন করল নবান্ন। মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি পদ থেকে সরিয়ে তাঁকে রাজ্য গোয়েন্দা শাখা (আইবি) এর আইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।
১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির উপস্থিতি ঘিরে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বহু দর্শকের অভিযোগ ছিল, বিপুল অর্থ ব্যয় করে টিকিট কেটেও গ্যালারি থেকে প্রিয় তারকাকে স্পষ্ট দেখা যায়নি। ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্যালারিতে ভাঙা চেয়ার ও জলের বোতল ছোড়া হয় মাঠে, রেলিং টপকে হাজার হাজার মানুষ ঢুকে পড়েন মাঠের ভিতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ওই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্ব পালনে কোনও গাফিলতি ছিল কি না, তা জানতে তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থ মুকেশকে কারণ দর্শানোর নোটিশ পাঠান।

ঘটনার প্রায় দেড় মাস পর, ৩০ জানুয়ারি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল ঘোষণা করে নবান্ন। সেই তালিকায় মুকেশের নামও ছিল। তাঁকে বিধাননগর কমিশনারেট থেকে সরিয়ে মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই আবার তাঁর দায়িত্ব বদল হল। নবান্ন সূত্রে এই বদলিকে 'রুটিন ট্রান্সফার' বলেই ব্যাখ্যা করা হয়েছে।
শুধু মুকেশ নন, রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদেও পরিবর্তন আনা হয়েছে। এডিজি (দক্ষিণবঙ্গ) পদে দায়িত্ব পেয়েছেন রাজীব মিশ্র, যিনি এতদিন এডিজি (আধুনিকরণ ও সমন্বয়) পদে ছিলেন। লক্ষ্মীনারায়ণ মিনাকে কারা দপ্তরের এডিজি পদ থেকে সরিয়ে সিআইডি-র এডিজি করা হয়েছে।
এছাড়া, নদিয়া রানাঘাট রেঞ্জের ডিআইজি সঈদ ওয়াকুর রাজাকে ফের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে আনা হয়েছে, আগেও তিনি ওই দায়িত্বেই ছিলেন। জেলা স্তরেও বদল ঘটেছে। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে পাঠানো হয়েছে জলপাইগুড়িতে, আর জলপাইগুড়ির এসপি ওয়াই রঘুবংশীকে দেওয়া হয়েছে কৃষ্ণনগর পুলিশের দায়িত্ব।
প্রশাসনিক মহলের একাংশের মতে, যুবভারতীর ঘটনার অভিঘাত এখনও পুরোপুরি কাটেনি। তবে সরকারিভাবে এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখানো হচ্ছে। তা সত্ত্বেও, মেসি পরবর্তী সেই অশান্তির স্মৃতি ফের আলোচনায় এনে দিল এই বদলির সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications