Adhir Chowdhury: কংগ্রেস কি বাংলায় আত্মত্যাগ করবে ‘ইন্ডিয়া’র স্বার্থে, তাৎপর্যপূর্ণ জবাব অধীরের
বাংলার পাশাপাশি ইন্ডিয়ার স্বার্থও দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এর আগে রাজ্যকে পুকুর আর দেশকে নদী আখ্যা দিয়েছিলেন তিনি। এবার ইন্ডিয়ার স্বার্থে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন। তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় লড়বে না কংগ্রেস? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক শীঘ্রই। ইতিমধ্যে পাটনা ও বেঙ্গালুরুতে দুটি বৈঠক হয়ে গিয়েছে। ২৬টি দল শামিল হয়েছে ইন্ডিয়া জোটে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার প্রচার পরিকল্পনা তৈরি করাই ইন্ডিয়া জোটের লক্ষ্য। তার আগে কলকাতায় বসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাৎপর্যপূর্ণ বিবৃতি দিলেন।

বিজেপি-বিরোধী মহাজোটে সবথেকে বড় দল হল কংগ্রেস। সেখানে কংগ্রেসকে অনেক স্বার্থত্যাগ করতে হয়েছে, ভবিষ্যতেও হবে। দেশকে রক্ষা করতে বিজেপিকে হারানোই এখন তাদের একমাত্র লক্ষ্য। আর এই জোটে রয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি ও সিপিএমের মতো দলগুলি, যাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের লড়াই।
দিল্লি ও পাঞ্জাবে যেমন আম আদমি পার্টির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই, তেমনই কেরলে সিপিএমের বিরুদ্ধে লড়াই আর বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই তাদের। এই অবস্থায় আত্মত্যাগের কথায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, তাহলে কি বাংলায় কংগ্রেস লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না?
কারণ ইন্ডিয়া জোটে শামিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছিলেন, এ রাজ্যে ইন্ডিয়া জোটের পক্ষে সব ভোট যেন তৃণমূলের ঝুলিতে আসে। তারপর অধীরের আত্মত্যাগের কথায় ধন্দ তৈরি হয়। এরপর সেই প্রশ্নের জবাবে অধীর চৌধুরী বলেন, লড়াই করবে না কংগ্রেস, তা কে বলল, এমন কথা অন্তত আমার জানা নেই।
সম্প্রতি প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বৈঠক করেন অধীর চৌধুরী। তিনি এই বৈঠকে প্রদেশ কংগ্রেসের রোডম্যাপ তৈরি করে দেন। রাজ্যে তৃণমূলের থেকে বেশি কাছে বামেরা। কিন্তু জাতীয় ক্ষেত্রে আবার মমতা-সোনিয়া অনেক কাছাকাছি। এই অবস্থায় বাংলার কংগ্রেস কোনদিকে হাঁটবে, তা নিয়েই একটা অবস্থান স্পষ্ট করা জরুরি ছিল।
এই বৈঠকে উঠে আসে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের নেতা-কর্মীদের রক্তঝরার কথা। কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ককে তৃণমূলে যোগদান করানোর কথা। এম হাজারো তিক্ততার প্রসঙ্গে উঠে আসে বৈঠকে। অধীর বলেন, কংগ্রেস নিজেদের মতোই লড়াই করবে। আমাদের অবস্থান বদল হলে তো সবাই দেখতে পাবেন।
এরপর অধীর বলেন, মমতা বন্যোেখপাধ্যায় রাজ্যে তৃণমূল কংগ্রেস চালান। তিনি ৪২টি কেন ৪২০টি আসন চাইতে পারেন। তাতে আমাদের কিছু এসে যায় না। তবে কংগ্রেস কোনও আসন ছেড়ে দিয়ে লড়াই করবে বলে আমার অন্তত জানা নেই। বামেরাও এর আগে জানিয়ে দেয়, তারা তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়াই করবে না।












Click it and Unblock the Notifications