মানবিক অভিষেক! বামমনস্ক শিল্পীর ডাকে সাড়া দিয়ে শিশুর চিকিৎসার ব্যবস্থা চটজলদি
মানবিক অভিষেক! বামমনস্ক শিল্পীর ডাকে সাড়া দিয়ে শিশুর চিকিৎসার ব্যবস্থা চটজলদি
জন্মের পরই হৃদযন্ত্রে মারাত্মক সমস্যা ধরা পড়েছিল শিশুর। মাত্র তিনদিনের শিশুকে নিয়ে মানবিক আর্তি জানিয়েছিলেন মা। ফেসবুকে তা দেখে সহৃদয় ব্যক্তিদের উদ্দেশে সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন টলিউডের এক এডিটর। বামমনস্ক সেই শিল্পীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এল টিম অভিষেক। অভিষেকের মানবিক উদ্যোগে বাঁচল একরত্তি।

হৃদযন্ত্রে সমস্যা নিয়ে জন্মানোর পর গরিব মা জানতে পেরেছিলেন শিশুর চিকিৎসা হতে পারে এসএসকেএম হাসপাতালে কিংবা প্রথম সারির কোনও বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে যাওয়ার সামর্থ্য নেই। তাই ফেসবুকে টলিউড এডিটর অনির্বাণ মাইতিকে জানিয়েছিলেন ওই মহিলা। অনির্বাণ বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ান, তা জেনেই ওই মহিলা অনির্বাণের কাছে সাহায্য চেয়েছিলেন।
নদিয়ার হরিণঘাটার মহাদেবপুরের বাসিন্দা পূজা দেবনাথ দমদমের এক নার্সিংহোমে সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পরেই হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। ব্যয়সাপেক্ষ চিকিৎসা ক্ষমতা না থাকায় সাহায্যপ্রার্ণী হন তিনি। মায়ের সেই আর্তি ফেসবুকে পোস্ট করেন বামমনস্ক শিল্পী অনির্বাণ মাইতি। মদন মিত্রকে ট্যাগ করে সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম।
অনির্বাণ মাইতির পোস্টের খানিকক্ষণ বাদেই অভিষেকের টিমের সদস্যরা পৌঁছে যান দমদমের নার্সিংহোমে। তারপর তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আরটি-পিসিআর পরীক্ষার পর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে শিশুটিকে। তার দ্রুত চিকিৎসা শুরু হবে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের এই মানবিক উদ্যোগে খুশি ওয়ারিবহাল মহল।
টলিউডের শিল্পী অনির্বাণ মাইতি এরপর পোস্ট করেন, একটা শিশু শুধু শিশু নয়, সে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর চেষ্টা করলাম শুধু। আবার আমরা ঝগড়া করব, মারামারি করব। কিন্তু কোনও শিশুর জন্য সবাই মিলে একসঙ্গে লড়ার যে রাত তা কখনই আমাদের মন থেকে মুছে ফেলতে পারবে না কেউ। যেভাবে দলমতের বেড়া ভেঙে শিশুটিকে বাঁচাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ঝাঁপিয়ে পড়ল তা নজিরবিহীন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মানবিক উদ্যোগ নিচ্ছেন। করোনা আবহে তিনি মানবিক বার্তা দিয়ে তাঁর কেন্দ্রে মানুষের পাশে থাকছেন। এক্ষেত্রেও মানবিক উদ্যোগ নিলেন। দমদমের হাসপাতালে শিশুটির পিছনে ৫০ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। তারপর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেকের টিমের উদ্যোগে ভর্তি করা হয়েছে শিশুটির হৃদযন্ত্রে তিনটি স্ট্রেন বসানোর জন্য। সেখানে প্রায় তিন-সাড়ে তিন লক্ষ টাকার খরচ হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications