বাড়ির সিঁড়ির তলায় সাপ, ঘুরিয়ে বিজেপিকে নিশানা দেবাংশু ভট্টাচার্যর
অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এসেছেন? কি, এই বিষয়টি শুনে অবাক লাগছে? এমন কথা বলেছেন খোদ দেবাংশু।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। আর ওখান থেকেই শুরু হয়েছে বিতর্ক।

দেবাংশু যে ভিডিও পোস্ট করেছেন, তাতে একটি সাপ দেখতে পাওয়া যাচ্ছে। সিঁড়ির তলায় গুটিসুটি মেরে সেই সাপটি রয়েছে। আর তাকেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে পরিচয় করিয়েছেন দেবাংশু। এই ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।
কিন্তু আসল ঘটনাটা কী? তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি তমলুকে প্রচার শুরু করে দিয়েছেন। ফলে এখন সেখানেই তিনি থাকছেন। একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে সেই বাড়ির সিঁড়ির তলায় মস্ত এক সাপ দেখতে পাওয়া যায়। আর সেই সাপকে নিয়েই চর্চা শুরু করে তৃণমূল নেতা কর্মীরা। দেবাংশু ভট্টাচার্য সেই সাপকে কেন্দ্র করে খোঁচা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছিল মিডিয়াতে। প্রশ্নের উত্তরে শাসক দলকে আক্রমণ করতে চন্দ্রবোড়া সাপ বলে নিজেকে দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। এদিন দেবাংশু সেই প্রসঙ্গই টেনে নিয়ে এসেছেন।
দেবাংশু যে ভিডিও করেছেন, তাতে বক্তব্য সম্পূর্ণ ব্যাঙ্গাত্মক। তিনি বলেছেন, তমলুকে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি। তার আগেই সিঁড়ির তলায় হাজির বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, উনি চন্দ্রবোড়া সাপ৷ আজ সকালে দেখছি আমার সিঁড়ির তলায় উনি।"
দেবাংশু আরও বলেন, "খুব ভালো লাগছে প্রার্থী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা বন দফতরে খোঁজ দিয়েছি। ওনারা এসে একে নিয়ে যাবেন।"
শুক্রবার সকাল থেকেই দেবাংশুর এই ভিডিও ভাইরাল হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে বিজেপির প্রার্থী হবেন। এমন চর্চা চলছে। চতুর্থ তালিকা বিজেপি প্রকাশ করেছে শুক্রবার। তবে সেখানে বাংলার কোনও প্রার্থীর নাম নেই।
যদিও তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে প্রচার চলছে। বিজেপির তরফ থেকে দেওয়াল লিখনও অনেক জায়গায় হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications