দিল্লি থেকে ধাক্কা খেয়েছেন মমতা, তৃণমূল কংগ্রেস নেত্রীর বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন সুজন-মান্নানের
সিএএ বিরোধী আন্দোলনে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা এবং বাম পরিষদীয় নেতা।
সিএএ বিরোধী আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা এবং বাম পরিষদীয় নেতা। বর্তমান অবস্থান প্রসঙ্গে তাঁদের ব্যাখ্যা, দিল্লি থেকে ধাক্কা খাওয়ার পরেই অবস্থান পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৩ জানুয়ারি দিল্লিতে সিএএ নিয়ে বিজেপি বিরোধী সভা বয়কট
আব্দুন মান্নান এবং সুজন চক্রবর্তী জানান, এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, ১৩ জানুয়ারি দিল্লিতে সিএএ নিয়ে বিজেপি বিরোধী সভায় তিনি যাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন, সবার আগে তিনি পথে নেমে সিএএ আর এনআরসির বিরোধিতা করেছেন। কিন্তু যেভাবে বুধবার গুণ্ডামি করা হয়েছে, তারপর আর এদের সঙ্গে অকসঙ্গে আন্দোলন করা সম্ভব নয়। সেই কারণের তিনি দিল্লিতে অল পার্টি মিটিং-এ যাবেন না।

বিধানসভায় প্রস্তাব আনার সাহস নেই
কেরলের বাম সরকার ইতিমধ্যেই বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করিয়েছে। এরপরেই কেরলের মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে বিরোধিতা করা মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখেছিলেন, যাতে তারাও কেরলের পথ অনুসরণ করেন। এদিন বিধানসভা বিএ কমিটির বৈঠকে বাম কংগ্রেসের তরফ থেকে সিএএ বিরোধী প্রস্তাবের কথা তোলা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, স্পিকার সেই প্রস্তাব বাতিল করে দেন।

মমতা-বিজেপি যোগের অভিযোগ মান্নান-সুজনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছেন আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী দুজনেই। আব্দুল মান্নান বলেন, বাবরি মসজিদ ভাঙার পর এবং গুজরাত দাঙ্গা হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। লোকসভায় একজন হয়ে গিয়েই মমতা কংগ্রেসের দিকে ঝোঁকেন বলে মন্তব্য করেন আব্দুল মান্নান। তিনি বলেন, বাম শাসনে কংগ্রেসের সঙ্গে বামেদের অহি-নকুল সম্পর্ক থাকলেও বিজেপি বিরোধী অবস্থানে তারা এক ছিলেন। এই মুহুর্তে সেই অবস্থানই মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না।

দিল্লি থেকে ধাক্কা খেয়েছেন, কটাক্ষ সুজনের
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, বুধবারের ধর্মঘট সফল হওয়ার পরেই দিল্লি থেকে ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা বেশ কিছু কেন্দ্রীয় মামলা চলছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন লোক দেখানো বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications