নরেন্দ্র মোদীর সামনেই এবার বড় আন্দোলনের ঘোষণা সাক্ষীদের, ফের বিতর্কিত মন্তব্য ব্রিজ ভূষণের
একমাস পার হয়ে গিয়েছে যন্তর মন্তরে আন্দোলন করছেন সাক্ষী মালিক-বজরং পুনিয়া সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা। এবার সংসদ অভিযানের ডাক দিলেন কুস্তিগীররা। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোদন করবেন নরেন্দ্র মোদী। সেই দিনই সংসদ ভবন অভিযান করার ডাক দিলেন কুস্তিগীররা।
মঙ্গলবার রাতে রাজধানীর রাজপথে মোমবাতি নিয়ে মিছিল করেন কুস্তিগীররা। রাজঘাট পর্যন্ত যায় আন্দোলনকারীদের মিছিল। সেখানেই সাক্ষী মালিক বলেন, 'আমরা ভারতীয় মহিলাদের জন্য লড়াই করছি। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের বাইরে মহিলা মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। আমরা ভারতের সব মহিলাদের কাছে আবেদন রাখছি, ঔ দিন আমাদের সঙ্গে যোগদান করুন এবং সুবিচারের লড়াইয়ে সামিল হন।'

এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা মন্ত্রিদের পাশে থাকার আহ্বান জানালেন আন্দোলনকারী কুস্তিগীররা। স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখেছেন কুস্তিগীররা।
সাক্ষী-ভিনেশরা এই চিঠিতে লিখেছেন, "আমরা, ভারতে মহিলা কুস্তিগীর, কুস্তি ফেডারেশন সভাপতির যৌন হেনস্তার শিকার হয়েছি। ব্রিজ ভূষণ শরণ সিং সভাপতি থাকাকালীন একাধিকবার যৌন নিগ্রহ করেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনও সুবিচার পাইনি, এমনকি কুস্তিগীরদের ভবিষ্যত্ শেষ করে দিয়েছেন তিনি। কিন্তু তিনি সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। মহিলা কুস্তিগিরদের সম্মান রক্ষার জন্য লড়াই ছাড়া আর কোনও উপায় নেই।'

ইতিমধ্যেই কুস্তিগীরদের করা নারকো পরীক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ব্রিজভূষণ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিজেপি সাংসদ জানিয়েছেন, "আমি নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর করাতে রাজি আছি।আমার একটি শর্ত আছে। এই পরীক্ষাগুলো করতে বসতে হবে ভিনেশ ফোটাগ এবং বজরং পুনিয়াকেও।'

যদিও ব্রিজ ভূষণের পাল্টা চ্যালেঞ্জ করেছেন আন্দোলনকারী কুস্তিগীরার। অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া স্পষ্টতই জানিয়েদেন, 'আমরাও নারকো টেস্ট করাতে রাজি। একই সঙ্গে আমরা শীর্ষ আদালতের অনুমতি নিয়ে চাইব, ব্রিজ ভূষণের পরীক্ষা টেলিভিশনে লাইভ দেখানো হবে। আমরা দেখতে চাই ব্রিজ ভূষণকে কী প্রশ্ন করা হচ্ছে।'












Click it and Unblock the Notifications