Sourav Calling Saurav: ক্রীড়া তারকাদের নিয়ে Trailblazers কনক্লেভ! দুই সৌরভের সাক্ষাৎ বড় আকর্ষণ
Sourav Calling Saurav: একদিকে লোকসভা নির্বাচনের আবহ, অন্যদিকে আইপিএলের কাউন্টডাউন। তারই মধ্যে কলকাতায় হতে চলেছে ক্রীড়াক্ষেত্রের বৃহৎ কনক্লেভ।
আয়োজকদের দাবি, ভারতের বৃহত্তম স্পোর্টস কনক্লেভ হতে চলেছে Trailblazers 2.0! বৃহস্পতি ও শুক্রবার বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে আয়োজন করা হচ্ছে এই কনক্লেভ।

চলতি বছর রয়েছে প্যারিস অলিম্পিক। তাতে ভারতের হয়ে পদক জয়ের লক্ষ্যে নামবেন এমন একঝাঁক তারকা যোগ দেবেন এই স্পোর্টস কনক্লেভে। গতকাল কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক বৈঠকে এই কনক্লেভের সূচি প্রকাশ অনুষ্ঠানে ছিলেন পুল্লেলা গোপীচাঁদ।
দিনভর নানা টপিকে আলোচনা চলবে দুই দিন ধরেই। তবে শুরুর দিনেই থাকছে বড় চমক। দুই বাঙালি সৌরভ মঞ্চ ভাগ করে নেবেন। একজন অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। অপরজন সৌরভ ঘোষাল। ভারতীয় স্কোয়াশ তারকা। দুই সৌরভের আলাপচারিতা তাই এই স্পোর্টস কনক্লেভের বড় আকর্ষণ হতে চলেছে।
প্রথম দিন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সৌরভ ঘোষাল ছাড়াও যাঁরা হাজির থাকছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, কল্যাণ চৌবে, ইগর স্টিমাচ, প্রমোদ ভগত, পিআর শ্রীজেশ, সবিতা পুনিয়া, অমিত রুইদাস, রাহুল বোস। প্যারিস থেকে কনক্লেভে যোগ দেবেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি।
প্যারা স্পোর্টসকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই কনক্লেভে। সেই সঙ্গে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, ব্যাডমিন্টন, টেবল টেনিসের পাশাপশি যে খেলাগুলির জনপ্রিয়তা বাড়ছে সেই ক্রীড়াক্ষেত্রের তারকারাও কনক্লেভে হাজির হবেন অনেক অভিজ্ঞতা ও তথ্যের ডালি নিয়ে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কনক্লেভ শেষ হবে। সেদিন হাজির থাকবেন এমসি মেরি কম, অঞ্জু ববি জর্জ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা থেকে শুরু করে নিখাত জারিন, বিশ্বনাথন আনন্দ, জ্যোৎস্না চিনাপ্পা, সুমিত আন্টিল প্রমুখ। এদিনের সূচিতে আকর্ষণীয় বিষয় হতে চলেছে নারীশক্তি নিয়ে সানিয়া মির্জা ও নিখাত জারিনের আলাপচারিতা।












Click it and Unblock the Notifications