RG Kar Incident: আরজি কর কাণ্ডে বীতশ্রদ্ধ, বাংলার গৌরব পুরস্কার ফেরাচ্ছেন 'অর্জুন' দীপু ঘোষ
RG Kar Incident: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ-আন্দোলনের ঢেউ দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। লেখক, সাহিত্যিক থেকে নাট্যকর্মী, অভিনেতা অনেকেই রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এবার তার আঁচ পড়ল ক্রীড়াক্ষেত্রেও। রাজ্য সরকারের তরফে ২০১৫ সালে পাওয়া বাংলার গৌরব পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতের প্রাক্তন শাটলার তথা কোচ দীপু ঘোষ।

দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন দীপু ঘোষ। ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে দু-বার খেলেছেন টমাস কাপের ডাবলসে। সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন দীপু ঘোষ, ডাবলসেও তাঁর সাফল্য কম নয়। ডাবলসে বরাবর তিনি খেলতেন ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে।
১৯৬৯ সালে অর্জুন পুরস্কার পান দীপু ঘোষ। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে তিনি কোচিং করিয়েছিলেন ভারতীয় টিমকে। তারপরেও তিনি ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর। ১৯৭৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে। টমাস ও উবের কাপে ভারতের কোচিং করিয়েছেন। ১৯৭৪ সালে ইরান ও পরবর্তীকালে আইসল্যান্ডের কোচ হন।
নয়ের দশকে দীপু দাস ভারত ছেড়ে চলে যান আইসল্যান্ডে। ব্যাডমিন্টনের টানেই। বর্তমানে তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। তাঁর একমাত্র পুত্র চাকরি করেন সেই দেশেই।
৮৫ বছরের দীপু ঘোষ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বিরক্ত বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে।
দীপু ঘোষের ভাই রমেন ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, আপামর বাঙালির মতো দাদাকেও আরজি করের ঘটনা আঘাত করেছে। তাই রাজ্য সরকারের দেওয়া বাংলার গৌরব পুরস্কার তিনি ফেরাতে চান। ফেরাতে চান পুরস্কারস্বরূপ পাওয়া এক লক্ষ টাকাও।












Click it and Unblock the Notifications