হালকা মেজাজের সাক্ষাতে দেশের রেকর্ডধারী প্যারা অ্যাথলিটদের থেকে উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদী
টোকিও প্যারালিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টোকিও প্যারালিম্পিকে ভারত যে পরিমাণ পদক জিতেছে, সেই ফলাফল ছিল অনেকেরই ধারণার বাইরে। ফলে বিশ্বকে চমকে দিয়ে প্যারা অ্যাথলিটদের সম্মিলিত প্রচেষ্টায় ভারত যে নতুন অধ্যায় রচনা করেছে, তাতে গর্ব না করে কোনও উপায় নেই। টোকিও গেমসে দেশের প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্সে যে তিনি মুগ্ধ এবং অভিভূত, তা আগে বেশ কয়েকবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুখোমুখি দেখা করে দেশের প্যারালিম্পিয়ানদের একই কথা বললেন প্রশাসনিক প্রধান। নিলেন এবং দিলেন অনুপ্রেরণা।
|
প্রধানমন্ত্রীর বাসভবনে প্যারা অ্যাথলিটরা
টোকিও প্যারালিম্পিকে দেশকে গর্বিত করা অ্যাথলিটদের সঙ্গে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করবেন, তা আগেই জানিয়েছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই মতো বৃহস্পতিবার নিজের বাসভবনে দেবেন্দ্র ঝাঝারিয়া, সুমিত অ্যান্টিল, মারিয়াপ্পান থাঙ্গাভালু, অবনী লেখারা, ভাবিনা প্যাটেলদের সঙ্গে দেখা করেন ভারতের প্রশাসনিক প্রধান। এক টেবিলে বসে খাওয়া-দাওয়ার পাশাপাশি হালকা মেজাজে প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী মোদী। টোকিও গেমসে একের পর এক পদক জিতে ইতিহাস রচনা করা প্যারা অ্যাথলিটদের পোশাকগুলি উপহার হিসেবে পান ভারতের প্রশাসনিক। সেই পোশাকে সইও করে দেন প্যারা অ্যাথলিটরা। সকলের সই করা একটি স্টোলও উপঢৌকন হিসেবে পেয়ে আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

দিশা প্যারা অ্যাথলিটরা
টোকিও প্যারালিম্পিকে ইতিহাস রচনা করা অ্যাথলিটদেরই দেশের অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স দেশের ক্রীড়াক্ষেত্রকে নতুন দিশ দেখাবে। ভাবিনা, অবনী, মনীশদের দেখে দেশের আরও বড় সংখ্যক মানুষ ক্রীড়ার সঙ্গে যুক্ত হবেন বলেও আশাপ্রকাশ করেছেন নমো। টোকিও প্যারালিম্পিক থেকে যারা পদক জিততে পারেননি তাঁদেরও মনোবল বৃদ্ধির জন্য অনুপ্রাণিত করেছেন দেশের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, চেষ্টা, পরিশ্রম ও মনের জোরে সব বাধাই যে পেরিয়ে যাওয়া সম্ভব তা প্রমাণ করেছেন প্যারা অ্যাথলিটরা।
ছবি সৌজন্যে প্রধানমন্ত্রীর দফতর

প্যারা অ্যাথলিটরা অ্যাম্বাসেডর
টোকিও প্যারালিম্পিকে দেশকে গর্বিত করা অ্যাথলিটদেরই দেশের প্রকৃত অ্যাম্বাসেডর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'তপস্যা', 'পুরুষার্থ' ও 'পরাক্রম'-র মাধ্যমে নিজেদের বিকশিত করে প্যারা অ্যাথলিটরা বিশ্বের দরবারে নিজেদের প্র্রমাণ করেছেন বলে মনে করেন মোদী। এই অ্যাথলিটদের মানুষ আগে যে চোখে দেখতেন, সেখান থেকে তাঁরা বেরিয়ে এসেছেন বলেও বিশ্বাস করেন দেশের প্রশাসনিক প্রধান। এই মহৎ কাজের আগে মনোবল বাড়ানো ও প্রতিনিয়ত অনুপ্রেরণা প্রদানের জন্য নরেন্দ্র্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্যারা অ্যাথলিটরাও। তাঁদের দলগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবি সৌজন্যে প্রধানমন্ত্রীর দফতর

টোকিও প্যারলিম্পিকে ইতিহাস
সদ্য শেষ হওয়া প্যারালিম্পিকে ১৯টি পদক জিতেছে ভারত। যার মধ্যে পাঁচটি সোনা ও আটটি রুপো অন্তর্ভূক্ত রয়েছে। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে সর্বসাকুল্যে চারটি পদক জিতেছিল ভারত। দুটি সোনা সহ টোকিও গেমসের আগে পর্যন্ত সেটিই ছিল এই প্রতিযোগিচতায় দেশের সেরা পারফরম্যান্স। তবে এবারের গেমসে ভারতীয় প্যারা অ্যাথলিটদের পারফরম্যান্স অন্য উচ্চতা স্পর্শ করেছে। টোকিও প্যারালিম্পিকের ৯টি ক্রীড়া ইভেন্টে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। সে নিরিখে এবার ভারতের ফলাফল অসাধারণ বলে মনে করে বিশ্বের ক্রীড়া মহল।
ছবি সৌজন্যে প্রধানমন্ত্রীর দফতর












Click it and Unblock the Notifications