সিন্ধু'র সোনা জয় দূরে নয় , মত ভারতের কিংবদন্তী ব্যাডমিন্টন প্লেয়ারের
পি ভি সিন্ধুর কৃতিত্বেক কুর্নিশ জানাচ্ছেন প্রকাশ পাড়ুকোন, সোনা জিতবে এই মেয়ে আশাবাদী ভারতীয় কিংবদন্তী।
সালটা ১৯৮০- অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির গড়েছিলেন এক ভারতীয় প্রকাশ পাড়ুকোন। ব্যাডমিন্টনের ইতিহাসে বিশ্ব মঞ্চে ভারতীয়দের প্রথম বড় পদক্ষেপ। ফের একবার নজির গড়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন পি ভি সিন্ধু। সোনা হয়নি তবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপো জিতে নজির গড়েছেন তিনি। আর এই তরুণী শাটলারের প্রতিভায় মুগ্ধ তাঁর পূর্বসূরী প্রকাশ পাড়ুকোন।

সিন্ধুর পারফরমেন্সের প্রশংসায় গোটা দেশ। এবার তাঁর অন্যতম সেরা প্রশংসাটা এল ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনের কাছে থেকে। ফাইনালে সিন্ধুর লড়াই দেখে উচ্ছ্বসিত পাড়ুকোন বলেছেন, 'আমি ব্যক্তিগত ভাবে মনে করি, ভারতীয় ক্রীড়া ইতিহাসে সিন্ধুর এই পারফরমেন্স সবার ওপরে থাকবে। যে কোনও ভারতীয় ক্রীড়াবিদের এটাই সর্বকালের সেরা পারফরমেন্স বলে মনে করি।'

ব্যাডমিন্টন কোর্টে দারুণ দৃঢ়তা ও অদম্য মনোভাব পি ভি সিন্ধুর ইউএসপি। আর পাড়ুকোনও তাই বলেছেন, 'সিন্ধুর কঠিন মানসিকতা, ওর লড়াকু মনোভাব, হার না মানা জেদ, দৃঢ়তা- সবই দেখা গেল ফাইনালে। দু'জনেই খুব উচ্চমানের ব্যাডমিন্টন খেলল। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে দু'জনে।'
১৯৮৩ সালে কোপেনহেগেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। তাঁর মতে সিন্ধু যে ফর্মে আছেন, তাতে বিশ্ব মঞ্চে খুব শীঘ্রই তিনি সোনার পদক জিততে পারবেন। ভারতীয় এই শাটলার আরও বলেছেন সিন্ধুর থেকে সমস্ত কিছু শেখা উচিত ভারতীয় ব্যাডমিন্টনের তরুণ প্রজন্মদের।












Click it and Unblock the Notifications