Praggnanandhaa: প্রজ্ঞানন্দ আসছেন কলকাতায়, এশিয়ান গেমসের শিবিরের পাশাপাশি অংশ নেবেন দাবা টুর্নামেন্টেও
Praggnanandhaa: বিশ্ব দাবা প্রতিযোগিতায় রানার-আপ হওয়া আর প্রজ্ঞানন্দ এবার আসছেন কলকাতায়। চলতি মাসেই। বিশ্ব দাবায় রুপোজয়ী ১৮ বছরের প্রজ্ঞার সঙ্গে শহরে হাজির থাকবেন একঝাঁক গ্র্যান্ডমাস্টার।
এশিয়ান গেমসের আগে দাবাড়ুদের জাতীয় শিবির আয়োজন করা হয়েছে কলকাতায়। সেই শিবিরে থাকার পাশাপাশি একটি টুর্নামেন্টেও অংশ নেবেন প্রজ্ঞানন্দরা।

প্রজ্ঞানন্দ এবং বিশ্ব দাবার চার কোয়ার্টার ফাইনালিস্ট রয়েছেন এশিয়ান গেমসের ভারতীয় দলে। হাংঝৌ এশিয়ান গেমসে অংশ নিতে চলা দাবাড়ুদের নিয়ে চার দিনের শিবির হবে কলকাতায়। সেখানে অংশ নেবেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসি, ডি গুকেশ, পি হরিকৃষ্ণর মতো গ্র্যান্ডমাস্টাররা।
ভারতীয় দলের হেড কোচ বরিস গেলফান্ড। কোচ হিসেবে থাকছেন শ্রীনাথ নারায়ণন, সহকারী কোচ বৈভব সুরি ও অর্জুন কল্যাণ। আগামী মঙ্গলবার অবধি চলবে ভারতীয় মহিলা দাবাড়ুদের শিবির। এশিয়ান গেমসে যে মহিলা দাবাড়ুরা অংশ নিচ্ছেন তাঁরা হলেন কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাভাল্লি, বৈশালী রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী বি।

এই শিবিরের ফলে দাবাড়ুদের এশিয়ান গেমসের প্রস্তুতি যথোপযুক্ত হবে বলে আশাবাদী সর্বভারতীয় দাবা সংস্থার সভাপতি সঞ্জয় কাপুর। এই শিবির চলাকালীনই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম টাটা স্টিস চেস ইন্ডিয়া র্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্ট। এশিয়ান গেমসের ভারতীয় দলে দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। যার অন্যতম আকর্ষণ হতে চলেছেন প্রজ্ঞানন্দ।
জানা গিয়েছে, আজারবাইজানের বাকুতে বিশ্ব দাবায় অংশ নেওয়ার পর সেখান থেকেই জার্মানিতে গিয়েছেন চেন্নাইয়ের প্রজ্ঞা। এরপর তিনি পা রাখবেন কলকাতায়। কলকাতায় দাবা প্রতিযোগিতাটি চলবে অগাস্টের ৩১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত। ব্লিৎজে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্সিম ভেশিয়ার-লাগ্রেভ ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েনজুন জুও অংশ নিচ্ছেন।












Click it and Unblock the Notifications