প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্সের
খারাপ পারফরম্যান্স অব্যহত বেঙ্গল ওয়ারিয়ার্সের। মনু গোয়াতের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে বেঙ্গল'কে ৪৪-৩০ পয়েন্টে হারাল পাটনা পাইরেটস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে একটি রেডেই সাত পয়েন্ট তুলে নেন মনু। এই জয়ের ফলে প্রো কবাডি লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল বিহারের এই ফ্রাঞ্চাইজি কবাডি দল। অপর দিকে, অপ্রত্যাশিত হারে লিগ টেবলের অষ্টম স্থানে রইল বাংলার দল।

একা মনু গোয়াত এবং সচিনের যুগবন্দীতে এ দিন শুরু থেকে আগ্রাসী মেজাজে পাওয়া যায় পাটনা পাইরেটস'কে। এই দুই স্টার রেডারের বিরুদ্ধে কয়েকটি ক্ষেত্রবাদে খুব একটা সাফল্যের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলার ডিফেন্ডাররা। শুক্রবার মূলত বাংলার ডিফেন্সের লেফট কর্নার দিয়ে বেশি আক্রমণ শানিয়েছে পাটনা। সচিন ভিটালা ডিফেন্সে আগাগোড়া নড়বড়ে ছিলেন। গোটা ম্যাচে একটিও সফল চ্যালেঞ্জ করতে পারেননি তিনি।
মনু গোয়েত গোটা ম্যাচে ১৫ পয়েন্ট এনে দিয়েছেন পাটনা'কে, যার মধ্যে টাচ পয়েন্ট ৭ এবং বোনাস পয়েন্ট পাঁচ এবং ট্যাকেল পয়েন্ট তিন। এদিনের ১৫ পয়েন্টের সৌজন্যে প্রো-কবাডি লিগে ৫০০ রেড পয়েন্ট পূর্ণ করলেন মনু। ম্যাচের সেরা রেডার-ও নির্বাচিত হয়েছেন তিনি। পাটনা'র আক্রমণের অপর ভরসা সচিন এনে দেন ৯ পয়েন্ট। এর মধ্যে ৭টি টাচ পয়েন্ট এবং ২টি বোনাস পয়েন্ট।
অপর দিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিবারের মতো এ বার মূল অস্ত্র ছিলেন মনীন্দর সিং। বাংলার ৩০ পয়েন্টের মধ্যে অধিনায়কের অবদান রয়েছে ১২টি পয়েন্টের ক্ষেত্রে। ২১টা রেডে বেঙ্গল টাইগার'কে ১২ পয়েন্ট এনে দেন এই পাঞ্জাব-তনয়। ১২ পয়েন্টের মধ্যে মনীন্দর টাচ পয়েন্ট পেয়েছেন ১০টি এবং দু'টি বোনাস পয়েন্ট অর্জন করেছেন তিনি। ডিফেন্সে'র খারাপ হালের কারণে হারতে হলেও রক্ষণ ভাগে সাধ্যমতো চেষ্টা চালিয়ে গিয়েছেন অমিত নিরওয়াল। এই ম্যাচে পাঁচটি ট্যাকেল পয়েন্ট অর্জন করেছেন তিনি। বেঙ্গল ডিফেন্সে অমিতের একক লড়াই এই ম্যাচে তাঁকে সেরা ডিফেন্ডারের স্বীকৃতি এনে দিয়েছে।
শুধু সেরা রেডারের পুরস্কার নয়, গেম চেঞ্জার অব দ্য ম্যাচ এবং মোমেন্ট অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন মনু গোয়াত। এ দিন অপর ম্যাচে তামিল থালাইভাস ৩৬-২৬ ব্যবধানে হারাল পুনেরি পালটন'কে। এই ম্যাচে জয়ের ফলে ৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তামিল থালাইভাস রয়েছে ষষ্ঠস্থানে। পুনেরি পালটন লাগাতার হারের ফলে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তলানিতে রয়েছে।












Click it and Unblock the Notifications