Paris Olympics 2024: হকির পর টেবল টেনিস, জার্মানির কাছে হেরেই প্যারিসে যাত্রার সমাপ্তি মনিকাদের
প্যারিস অলিম্পিক্সে আরও একট ধাক্কা ভারতের জন্য। মহিলাদের টেবল টেনিসের দলগত রাউন্ড থেকেই বিদায় নিল ভারত। কোয়র্টার ফাইনালে জার্মানির কাছে ৩-১ ফলে হেরে মনিকা-সৃজাদের যাত্রার সমাপ্তি হল প্যারিসে। প্রথম দুই ম্যাচেই হারেন ভারতীয়রা। অর্চনা কামাথ তৃতীয় খেলায় জিতলেন। কিন্তু চতুর্থ ম্যাচে হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের।
রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন মনিকা বাত্রা-সৃজা আকুলারা। তাঁদের ঘিরে ছিল অনেক বেশি প্রত্যাশা। কারণ মঙ্গলবারই পুরুষদের টেবল টেনিস দলের যাত্রার সমাপ্তি হয় চিনের কাছে হেরে। এবার বিদায় নিল ভারতীয় মহিলা টেবল টেনিস দলও।

খাতায় কলমে জার্মানিকে পঞ্চম বাছাই দেখানো হলেও জার্মানির সেরা খেলোয়াড়রা ছিলেন না। আর তাঁদের দরকারও হল না। ভারতকে হারিয়ে দিলেন অ্যানেথ কৌফমানরা। মনিকা আজ সিঙ্গলসে হেরে গেলেন বিশ্বের ১০০ নম্বর খেলোয়াড় অ্যানেথের কাছে।
ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন অর্চনা কামাথ, সৃজা আকুলা জুটি। প্রথম খেলায় ৩-১ ফলে হারে ভারত। ম্যাচের স্কোর ছিল ৫-১১, ১১-৮,১০-১২, ৬-১১। পরের সিঙ্গলস ম্যাচটি খেলতে আসেন মনিকা বাত্রা। তিনি ১১-৮ ফলে প্রথম গেমে জয় পান। কিন্তু শেষ পর্যন্ত ১১-৮, ৫-১১, ৭-১১,৫-১১ ফলে হারলেন।
তৃতীয় ম্যাচে কিছুটা প্রত্যাবর্তন করল ভারত। সৌজন্যে অর্চনা কামাথ।১৯-১৭, ১-১১, ১১-৫, ১১-৯ ফলে জিতে ম্যাচের ফলাফল ২-১ করলেন। চতুর্থ ম্যাচ খেলতে এলেন সৃজা আকুলা কিন্তু ১১-৬, ১১-৭,১১-৭ ফলে হারলেন সৃজা। সেইসঙ্গে ভারতের টেবল টেনিস যাত্রার সমাপ্তি হল।
কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতের মহিলা খেলোয়াড়রা। তবে পদক জয় অধরাই থাকল প্যারিসে।












Click it and Unblock the Notifications