Paris Olympics 2024: হিল্ডেব্র্যান্ডটকে হারিয়ে ভিনেশ পান টোকিওর টিকিট! প্যারিসে সোনার হাতছানি, দ্বৈরথ কখন?
Paris Olympics 2024: ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন ভিনেশ ফোগাট। এবার সোনা জয়ের হাতছানি।
ফাইনালে ভিনেশের প্রতিপক্ষ মার্কিন সারাহ হিল্ডেব্র্যান্ডট। তিনি যখন বিশ্বের ১ নম্বর ছিলেন তখন তাঁকে হারিয়েই টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন ভিনেশ ফোগাট।

ভিনেশ ও হিল্ডেব্র্যান্ডটের মধ্যে সোনা জয়ের দ্বৈরথ শুরু হবে কাল ভারতীয় সময় রাত পৌনে ১টায়। ২৯ বছরের ভিনেশ এদিন সবচেয়ে বড় অঘটন ঘটান প্রি কোয়ার্টার ফাইনালে। হারিয়ে দেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী তথা বিশ্বচ্যাম্পিয়ন জাপানের ইউয়ি সুসাকিকে।
যিনি কেরিয়ারের ৮২টি ম্যাচে অপরাজেয় থেকে এই প্রথম কোনও আন্তর্জাতিক আসরে প্রতিপক্ষের কাছে হারলেন। এই জয় ভিনেশের মনোবল বাড়িয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ভিনেশ পরাস্ত করেন প্রাক্তন ইউরোপীয় চ্যাম্পিয়ন ওকসানা লিভাচকে।
সেমিফাইনালে ভিনেশের কাছে উড়ে যান প্যান আমেরিকান গেমস চ্যাম্পিয়ন কিউবার ইউসনেইলিস গুজম্যান। অলিম্পিক্সে ষষ্ঠ বাছাই সারাহ হিল্ডেব্র্য়ান্ডটকে হারালেই অলিম্পিক্সের ইতিহাসে কুস্তিতে দেশকে প্রথম সোনাটি এনে দেবেন ভিনেশ।
হিল্ডেব্র্যান্ডট প্রি কোয়ার্টার ফাইনালে টেকনিক্যাল সুপিরিয়রিটির মাধ্যমে হারান আলজেরিয়ার ইবতিসেম ডৌডুকে। কোয়ার্টার ফাইনালে তিনি চিনের ফেং জিকিকে হারান ৭-৪ ব্যবধানে। এরপর সেমিফাইনালে সারাহ জেতেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী মঙ্গোলিয়ার ডলগোরজাভিন ওটগনজারগালকে ৫-০ ব্যবধানে হারিয়ে।
ভিনেশ তিনবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন। ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জেতেন। চোটের কারণে গত বছর এশিয়ান গেমসে নামতে পারেননি। মহিলাদের ৫৩ কেজি বিভাগে তিনি দু-বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন।
টোকিও অলিম্পিক্সে সারাহ ব্রোঞ্জ জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর চারটি পদক রয়েছে। তার মধ্যে তিনটি ৫০ কেজি বিভাগে। তিনিও প্রাক্তন প্যান আমেরিকান গেমস চ্যাম্পিয়ন। ভিনেশের চেয়ে বসে বছর খানেকের বড় সারাহ।
উল্লেখ্য, ২০১৯ সালে এই সারাহ হিল্ডেব্র্যান্ডটকে হারিয়েই ভিনেশ আদায় করে নিয়েছিলেন টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণের ছা়ড়পত্র। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ৫৩ কেজি বিভাগে রিপেচেজের দ্বিতীয় বাউটে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী সারাহকে ভিনেশ হারিয়ে দিয়েছিলেন ৮-২ ব্যবধানে। ফলে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধেই ভিনেশ নামবেন ফাইনালে। সোনা দখলের ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে জিও সিনেমা অ্যাপ ও স্পোর্টস ১৮-এর চ্যানেলগুলিতে।
ভারত ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের চতুর্থ তথা অলিম্পিক্স কুস্তির অষ্টম পদকটি সুনিশ্চিত করে ফেলেছে। প্রতিবন্ধকতা পেরিয়ে আসা ভিনেশের সোনা জয়ের প্রতীক্ষায় গোটা দেশ।












Click it and Unblock the Notifications