Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে সোনা জেতা কতটা শক্ত নীরজের? কড়া চ্যালেঞ্জ ছুড়বেন কারা?
Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সের জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের আগে ৯০ মিটারের থ্রো-র টার্গেট পূরণ করতে পারেননি।
তবে এবারও নীরজ ভারতের সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় রয়েছেন। সোনা জয়ের লড়াইটা অবশ্য খুব একটা সহজ হবে না এবার। নীরজের চেয়ে পার্সোনাল বেস্টের নিরিখে এগিয়ে একাধিক থ্রোয়ার।

প্যারিস অলিম্পিক্সে নীরজের চেয়ে ছয় জ্যাভলিন থ্রোয়ার সেরা থ্রো-র মাপকাঠিতে এগিয়ে রয়েছেন। বাকি পাঁচজনও নীরজের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। ব্যবধান ৮০ সেন্টিমিটারের মধ্যেই। ফলে বোঝাই যাচ্ছে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে।
নীরজের যে থ্রো কেরিয়ারের সেরা, সেই ৮৯.৯৪ মিটার থ্রো তাঁকে রেখেছিল ওই টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে। নীরজকে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ ও পাকিস্তানের আর্শাদ নাদিম। টোকিও অলিম্পিক্সে ভাদলেচ জেতেন রুপো।
বিগত কয়েক বছর ধরেই দারুণ ধারাবাহিকতা দেখিয়ে আসছেন ভাদলেচ। চলতি মরশুমে তিনি নীরজকে টেক্কা দেন দোহা ডায়মন্ড লিগে। ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থান অধিকার করেছিলেন ভাদলেচ। ফলে তিনি নামবেন আত্মবিশ্বাসী হয়েই।
গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নাদিম রুপো জিতেছিলেন, নীরজ জেতেন সোনা। ভাদলেচ বা নীরজের মতো তিনি ধারাবাহিকতায় কিছুটা পিছিয়ে। কিন্তু নিজের সেরা দিনে চমক দিতেই পারেন। চোপড়া না পারলেও নাদিম কিন্তু ৯০ মিটার থ্রো-র টার্গেট পূরণ করে ফেলেছেন।
অ্যান্ডারসন পিটার্সও সোনা জয়ের বড় দাবিদার। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পিটার্স সোনা জেতেন, নীরজ রুপো। সেবার ফাইনালে তিনবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন পাঠান পিটার্স। ২০২১ সালে জোহানেস ভেত্তার সাতটি টুর্নামেন্টে ৯০ মিটারের বেশি থ্রো নিশ্চিত করেছিলেন। তাঁর সেরা থ্রো ৯৭.৭৬ মিটারের।
চলতি বছর ম্যাক্স ডেহনিংয়ের ৯০.২০ মিটারের থ্রো নজর কেড়েছিল। তিনিও অলিম্পিক্সে পদকের দৌড়ে থাকবেন। জুলিয়ান ওয়েবারের পার্সোনাল বেস্ট চোপড়ার সেরা থ্রো-র চেয়ে ৪০ সেন্টিমিটার কম। তবে সাম্প্রতিক ফর্মের উপর অনেক কিছু নির্ভর করবে।
নীরজ অবশ্য ৯০ মিটারের থ্রো নিয়ে ভাবছেন না। বড় মাপের টুর্নামেন্টে যে কোনও সময় ৯০ মিটারের থ্রো হতেই পারে। নীরজের কথায়, তিনি নিশ্চিতভাবেই ওই টার্গেটে পৌঁছতে চান। তবে সময়, আবহাওয়া, চাপ, সংশ্লিষ্ট মুহূর্তে যিনি নিজের সেরাটা দিতে পারবেন তিনিই পদকের দৌড়ে এগিয়ে থাকবেন, এই বিশ্বাস নিয়েই নামতে চলেছেন নীরজ।












Click it and Unblock the Notifications