Paris Olympics 2024: নীরজের জ্যাভলিন ও হকিতে জোড়া পদকের আশা, ত্রয়োদশ দিনে ভারতের কোন কোন ইভেন্ট?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত টোকিও অলিম্পিক্সের সাতটি পদক জয়ের নজির ছুঁতে পারবে কিনা তা স্পষ্ট হতে পারে লক্ষ্মীবারেই। অলিম্পিক্সে লক্ষ্মীবারে ভারত জোড়া পদকের অপেক্ষায়।
বাছাই পর্বের ফর্ম ধরে রাখলে টোকিওর পর প্যারিসেও জ্যাভলিনে সোনা জিততে পারেন নীরজ চোপড়া। ভারতীয় হকি দল নামবে ব্রোঞ্জ জেতার লড়াইয়ে।

কাল ভারতের প্রথম ইভেন্ট মহিলাদের গল্ফ। ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ২-তে নজর থাকবে দীক্ষা ডাগর ও অদিতি অশোকের দিকে। এই ইভেন্ট শুরু হচ্ছে বেলা সাড়ে ১২টায়। বেলা ২টো ৫ মিনিটে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রিপেচেজ রাউন্ডে নামবেন জ্যোতি ইয়ারাজ্জি।
বেলা আড়াইটে থেকে কুস্তির ইভেন্ট শুরু। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে নামবেন আমন শেরাওয়াত। তাঁর প্রতিপক্ষ উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভ। এই বাউট জিতলে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালও থাকবে।
বেলা আড়াইটে থেকেই মহিলাদের কুস্তির ইভেন্টও শুরু। মহিলাদের ফ্রিস্টাল কুস্তির ৫৭ কেজি বিভাগের প্রি কোয়ার্টারে অংশু মালিকের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন লুই মারুলিস। তিনিও জিতলে ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে নামবেন।
ভারতীয় হকি দল ব্রোঞ্জ দখলের লড়াইয়ে বিকেল সাড়ে ৫টা থেকে মুখোমুখি হবে স্পেনের। টোকিও অলিম্পিক্সেও ভারত পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল। রাত ১১টা ৫৫ মিনিটে পুরুষদের জ্যাভলিন থ্রো-র ফাইনাল। নীরজ টোকিওর পুনরাবৃত্তি ঘটিয়ে ফের সোনা জিতবেন, আশায় গোটা দেশ।












Click it and Unblock the Notifications