Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের বর্ণময় পরিসমাপ্তি, মনু ও শ্রীজেশ ভারতের পতাকাবাহক হয়ে সম্মানিত
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের বর্ণময় পরিসমাপ্তি। পরের অলিম্পিক্স হবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। ঘণ্টা আড়াই ধরে চলা চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানে যবনিকা পড়ল ৩৩তম সামার গেমসের।
ভারতীয় অ্যাথলিটদের নিয়ে উন্মাদনা লক্ষ্য করা গেল। দেশের পতাকাবাহকের দায়িত্ব পেয়ে তাঁরা সম্মানিত বলে জানালেন মনু ভাকের ও পিআর শ্রীজেশ।

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল স্যেন নদীতে। সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় ঐতিহ্যশালী স্তাদ দ্য ফ্রঁসে। যেখানে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ক্রীড়াপ্রেমী। ক্রীড়াবিদরা স্টেডিয়ামে প্রবেশ করেন করতালি ও হর্ষধ্বনির মধ্যে।
ফ্রান্সের বিখ্যাত সাঁতারু লিওন মার্চেন্ড লুভর মিউজিয়ামের কাছের গার্ডেন থেকে অলিম্পিক্স শিখা সংগ্রহ করেন একটি লণ্ঠনের মধ্যে। এরপর শিখা নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামের দিকে। ২০৫টি দেশের পতাকাবাহকরা একে একে অংশ নেন প্যারেডে।
পতাকাবাহকদের সঙ্গে ছিলেন ক্রীড়াবিদ, শেফ দ্য মিশন-সহ অন্যান্য আধিকারিকরা। প্যারেডের প্রথমে ছিলেন ফরাসি রাগবি তারকা অ্যান্টোইন ডুপন্ট। সমাপ্তি অনুষ্ঠানের পরিল্পনাও করেছেন টমাস জলি। ফরাসি সংগীতশিল্পী যাহো দে সাগাজান প্রথমে পারফর্ম করেন।
স্টেডিয়ামের মধ্যে বিশেষভাবে সজ্জিত মঞ্চে হাজির হন ২০৫টি দেশের প্রতিনিধিরা। সেখানেই প্যারেডে অংশ নেন তাঁরা। প্যারিস অলিম্পিক্সে এবার অংশ নেন ১০,৭১৪ জন প্রতিযোগী। পদক তালিকার শীর্ষস্থান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের ঝুলিতে গিয়েছে ৪০টি সোনা, ৪৪টি রুপো ও ৪২টি ব্রোঞ্জ। চিন পদক তালিকার দুইয়ে। চিন ৪০টি সোনা পেলেও রুপো ও ব্রোঞ্জ আমেরিকার চেয়ে কম।
সমাপ্তি অনুষ্ঠানের নাম দেওয়া হয় রেকর্ডস। বিলি এইলিশ, স্নুপ ডগ, রেড হট চিলি পেপারস, এইচইআরের মতো আমেরিকান সংগীত জগতের তারকারা রবিবাসরীয় রাতের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেন। এর অন্যতম কারণ, পরের অলিম্পিক্সের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করে গ্র্যামি জেতা এইচইআর (H.E.R.)। সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ। প্রথামতো প্যারিস অলিম্পিক্সের মশাল নিভিয়ে অলিম্পিক্স পতাকা তুলে দেওয়া হয় ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স আয়োজক কমিটির হাতে।
প্যারিসের মেয়র অ্যানি হিডালগো অলিম্পিক্স পতাকা তুলে দেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসের হাতে। অলিম্পিক্সের শেষ পদক বিতরণী অনুষ্ঠানটি হলো মহিলাদের ম্যারাথনের। শুরু হয়ে যায় পরের অলিম্পিক্সের কাউন্টডাউন। এদিন ২৭০ শিল্পী পারফরর্ম করেন। ৯ হাজার ক্রীড়াবিদ অংশ নেন সমাপ্তি অনুষ্ঠানে। স্বীকৃতি জানানো হয় ভলান্টিয়ারদেরও।
ভিনেশ ফোগাট রুপো পাবেন কিনা পরিষ্কার নয়। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায় জানা যাবে মঙ্গলবার। তার উপরই বিষয়টি নির্ভর করছে। এবারের প্যারিস অলিম্পিক্স থেকে ভারত ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতেছে।












Click it and Unblock the Notifications