Paris Olympics 2024: অন্তিম পঙ্ঘল হারলেন প্রথম রাউন্ডেই, কুস্তিতে ব্রোঞ্জ জেতার সুযোগও কি শেষ?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে ফের এক খারাপ খবর। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ভিনেশ ফোগাটের ফাইনালে নামা হচ্ছে না। ডিসকোয়ালিফাই হয়ে রুপোও পাবেন না।
এবার অন্তিম পঙ্ঘলও হেরে গেলেন প্রথম রাউন্ডেই। তবে কুস্তির যা নিয়ম তাতে তাঁর ব্রোঞ্জ জেতার আশা থাকছে। রিপেচেজ রাউন্ডে যেতে প্রার্থনা করতে হবে প্রি কোয়ার্টারে অন্তিমকে হারানো কুস্তিগীর যেন ফাইনালে যান।

মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে অন্তিম নেমেছিলেন তুরস্কের জেইনেপ ইয়েতগিলের বিরুদ্ধে। ১৯ বছরের অন্তিম পরাস্ত হন প্রথম রাউন্ডেই। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তুরস্কের কুস্তিগীর।
অন্তিম প্রাক্তন জুনিয়র চ্যাম্পিয়ন। কিন্তু অলিম্পিক্সের অভিষেক বাউটেই তিনি পরাজয়ের সম্মুখীন হলেন। মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডেই জিতে যান জেইনেপ ইয়েতগিল। তিনি শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। দ্রুত পয়েন্ট তুলতে তুলতে জয় ছিনিয়ে নেন।
দু-বারের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ অন্তিম স্বাভাবিকভাবেই এমন পরাজয়ে হতাশ। অলিম্পিক্সে তাঁর প্রস্তুতিও ব্যাহত হচ্ছিল। গেমস ভিলেজে তাঁর ব্যক্তিগত কোচ ও সাপোর্ট স্টাফদের প্রবেশের জন্য প্রয়োজনীয় পাস পাচ্ছিলেন না অন্তিম। তাতে তাঁর প্রস্তুতিও ব্যাহত হয়।
অন্তিমের সামনে অবশ্য এখনও পদক জেতার ক্ষীণ সম্ভাবনা থাকছে। পূর্বসূরীদের মতো রিপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ জিততে পারেন অন্তিম। তবে তার আগে ইয়েতগিলকে পৌঁছতে হবে ফাইনালে। তাহলেই প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তিনি যাঁদের হারাবেন তাঁরা রিপেচেজ রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ ম্যাচ খেলতে পারবেন।
সে ক্ষেত্রে রিপেচেজের প্রথম রাউন্ডে অন্তিমের মুখোমুখি হবেন ইয়েতগিলের কাছে যিনি কোয়ার্টার ফাইনালে হারবেন। সেই দ্বৈরথের জয়ী দ্বিতীয় রাউন্ডে ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে নামবেন সেমিফাইনালে পরাজিত কুস্তিগীরের বিরুদ্ধে। তবে ইয়েতগিল ফাইনালের আগে হেরে গেলেই শেষ হয়ে যাবে অন্তিমের আশা।
ভারত এখনও অবধি অলিম্পিক্সের আসরে কুস্তি থেকে ৭টি পদক পেয়েছে। তার মধ্যে চারটি ব্রোঞ্জ এসেছে রিপেচেজ রাউন্ডে খেলেই। সুশীল কুমার ২০০৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে যোগেশ্বর দত্ত, ২০১৬ সালে সাক্ষী মালিক ও ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে বজরং পুনিয়া এভাবেই ব্রোঞ্জ জেতেন।
হরিয়ানার হিসরের মেয়ে অন্তিম। অলিম্পিক্স থেকে পদক জেতার বিষয়ে প্রত্যয়ীও ছিলেন। হাংঝৌ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পান। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জেতেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গত বছরই রুপো জেতেন। চলতি বছর বুদাপেস্ট গ্রাঁ প্রি-তে রুপো ও ২০২২ সালে তিউনিসিয়া গ্রাঁ প্রি-তে সোনা জেতেন অন্তিম। ফলে তাঁকে এবার সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় রাখা হয় অলিম্পিক্সের আগে।












Click it and Unblock the Notifications