মেয়ের কাছে বাবার খোঁজ, চা খাওয়ার পর গুলিতে খুন! নিউটাউনে চাঞ্চল্য
বাড়িতে গিয়ে চা খাওয়ার পর গুলি করে খুন বাড়ির মালিককে। ঘটনাটি নিউটাউন থানা এলাকার পাথরঘাটার।
বাড়িতে গিয়ে চা খাওয়ার পর গুলি করে খুন বাড়ির মালিককে। ঘটনাটি নিউটাউন থানা এলাকার পাথরঘাটার। মৃতের নাম চঞ্চল মণ্ডল। দুটি বাইকে মোট পাঁচজন বাড়িতে এসেছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে এই খুনের ঘটনা।

পেশায় জমি জরিপকারী ছিলেন বছর ৪৬-এর চঞ্চল মণ্ডল। ইদানিং প্রোমোটিং-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, রাত সাড়ে আটটা নাগাদ দুই বাইকে পাঁচজন এসেছিল। এঁদের মধ্যে তিনজন বাড়ির ভিতরে ঢুকেছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের কাছে বাবার খবর জিজ্ঞাসা করেছিল আগত যুবকরা। কিন্তু সেই সময় চঞ্চল মণ্ডল বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী আগত যুবকদের বসতে বলেন। চা-ও খেতে দেন।
চঞ্চল মণ্ডল বাড়িতে আসার পর তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। তার পরেই তর্কাতর্কি শুরু হয়ে যায় বলে জানা গিয়েছে। সেই সময় আগত যুবকরা পরপর পাঁচটি গুলি চালায়। কানে, গলায় লাগার পর পরের গুলিটি লাগে মাথায়। সেখানেই পড়ে যান চঞ্চল মণ্ডল। বাড়ির বাইরে রাখা বাইকে করেই আগত ৫ জন পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গে চঞ্চল মণ্ডলকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জমির বিষয় নিয়ে আলোচনা চলছিল চঞ্চল মণ্ডল এবং আগন্তুকদের মধ্যে। পুলিশের প্রাথমিক অনুমান সুপারি কিলার দিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে।












Click it and Unblock the Notifications