সভ্য সমাজে হিংসার স্থান নেই! কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় তীব্র প্রতিক্রিয়া রাজ্যপালের
প্রথম কয়েকটা মাস রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বেশ ভালই কেটেছিল রাজ্য সরকার। যতকাণ্ড শুরু হল নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে। এব্যাপারে রাজ্যপাল প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
শনিবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপরে হামলার ঘটনায় কড়া অবস্থান রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিন তিনি রাজ্য প্রশাসনের কাছে হামলার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি তিনি বিবৃতি জারি করে বলেছেন, আইন-শৃঙ্খলার কোনও অবনতি হলে চুপ করে বসে থাকবে না রাজভবন।

নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল
রাজভবনের তরফে জারি করা রাজ্যপালের বিবৃতিতে বলা হয়েছে, তিনি শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার পরে তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি আরও বলেছেন, এই রাজ্যের মতো সভ্য আচরণের জায়গায় কনভয়ে হামলার ঘটনা তাঁকে আঘাত করেছে। তিনি বলেছেন, প্রতিবাদ গণতন্ত্রের অংশ হলেও হিংসা সভ্য আচরণের অংশ হতে পারে না।

হিংসা নির্মূল করা হবে
অসামাজিক ব্যক্তি যাঁরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হিংসাও নির্মমভাবে নির্মূল করা হবে বলেও জানিয়েছেন তিনি। কোনও অবস্থাতেই গুণ্ডারাজকে বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের শিথিলতা , বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য বরদাস্ত করা হবে না, জানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যপাল নীরব সাক্ষী থাকবেন না
বিবৃতিতে রাজ্যপাল বলেছেন, কোথাও আইনশৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব সাক্ষী থাকবেন না। যে কোনও সময় শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ অনুসরণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গণতন্ত্রের অধঃপতম বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন রাজ্যপাল।

সংবিধান অনুযায়ী কাজ করতে বার্তা
যাঁরা সংবিধানের শপথ নিয়ে কাজ করছেন, তাঁরা যেন সেই কাজ সঠিক ভাবে করেন। বাংলা আশা করে তাঁদের সব আধিকারিক সেই পথেই কাজ করবেন। কোনওরকম ভয় কিংবা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করতে হবে বলে পুলিশ আধিকারিক এবং প্রশাসনের অন্য আধিকারিকদের বার্তা দিয়েছেন। সরকার অপরাধীদের মোকাবিলা করতে অবিলম্বে সব ধরনের ব্যবস্থা নেবে এবং আইনের শাসন বজায় রাখবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। ভবিষ্যতে সমস্যা প্রতিরোধ করতে সময়োপযোগী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন সিভি আনন্দ বোস। সব শেষে রাজ্যপাল এই হামলার ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই ঘটনায় রাজ্যপালের প্রধান সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া এবং দিল্লিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার যোগসূত্রও খুঁজে পাচ্ছেন।












Click it and Unblock the Notifications