Regent Park Robbery: ভরসন্ধেয় টালিগঞ্জে থানার ঢিলছোড়া দূরত্বে ভয়াবহ ডাকাতি, ১৬০ গ্রাম সোনা লুঠ দুষ্কৃতীদের
Regent Park Robbery: কলকাতায় পরপর ডাকাতির ঘটনা। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জ (Tollygunge)। রিজেন্ট পার্ক থানার ঢিল ছোড়া দূরত্বে ম্যুর অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে (Flat) ডাকাতি হয়েছে। সোমবার ভরসন্ধেয় সাড়ে সাতটা নাগাদ জনবহুল জায়গায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল ২ দুষ্কৃতী (Miscreants)। গৃহকর্ত্রী ফিরতেই তার উপর ভয়ানক হামলা চালানো হয়। পিছন থেকে তাঁকে ধাক্কা মারা হয়। মারধরও করা হয় বলে অভিযোগ। চিৎকার করতে গেলে কাপড় বেঁধে মুখ চেপে দেওয়া হয়। গৃহকর্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে চলে লুঠপাট।

ওই ফ্ল্যাটের ঢিলছোড়া দূরত্বেই রিজেন্ট পার্ক থানা। সেখানেই ভরসন্ধেয় ঘটে ভয়াবহ ডাকাতি। সিঁড়িতে মাস্ক পরে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা। লোহার কোলাপসেবল গেট খুলে ওই গৃহবধূ ঢোকার সময়ই হামলা চালায় আততায়ীরা। তবে দুষ্কৃতীরা পূর্বপরিচিত কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ ওই বাড়ির ছেলের বিয়ে হওয়ার কথা আগামী মার্চ মাসে। এপ্রিলে বিয়ের অনুষ্ঠান।
বিয়ের জন্য সোনা মজুত ছিল ঘরে। ঘর থেকে ১৬০ গ্রাম সোনা লুঠ করে দুষ্কৃতীরা। আর তাতেই সন্দেহ, দুষ্কৃতীরা আগে থেকেই কি জানত সোনা থাকার কথা? ঘরের ভিতর তছনছ করা হয় আসবাবপত্র। ২ দুষ্কৃতী ডেলিভারি বয়ের বেশে আসে বলে অভিযোগ। মহিলাকে ভয় দেখিয়েই আলমারি খোলায় দুষ্কৃতীরা। পরে ওই মহিলার হাত বেঁধে দেওয়া হয়। মাথায় আঘাত করায় অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি।
পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। উল্টোদিকের বাড়িরও সিসিটিভি দেখা হবে। ঘটনার পর কার্যত ভয়ে সিঁটিয়ে ওই মহিলা ও তাঁর স্বামী। পাশের নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজমিস্ত্রিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিল্ডিংয়ের পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে কলকাতার নিরাপত্তা।
এর আগে দমদমে জানলার গ্রিল ভেঙে দোতলায় উঠে লুঠপাঠ চালায় একদল দুষ্কৃতী। সোমবারই সামনে আসে সেই খবর। ষাটোর্ধ্ব গৃহকর্ত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে দীর্ঘক্ষণ ধরে সর্বস্ব লুঠ করে নিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজে গভীর রাতে ৭ জন দুষ্কৃতীকে ঢুকতে দেখা গিয়েছে। তার আগে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ধারে বিডন স্ট্রিট ক্রসিংয়ে অভিজাত বাড়িতে একাকী বৃদ্ধাকে টার্গেট করে গভীর রাতে বাড়িতে লুঠ চালায় দুষ্কতীরা।












Click it and Unblock the Notifications