জন্মদিনে কালীঘাটের রাস্তায় অন্য মেজাজে 'দাদা'! আবদারে অনুরাগীদের সঙ্গে সেলফি তুললেন অভিষেক
জন্মদিনে কালীঘাটের রাস্তায় অন্য মেজাজে 'দাদা'! আবদারে অনুরাগীদের সঙ্গে সেলফি তুললেন অভিষেক
একেবারে অন্য মুডে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। না বিজেপি (BJP) থেকে শুভেন্দু অধিকারী কিংবা অন্য কোনও বড় নেতা তৃণমূলে যোগ দেননি। এদিন তাঁর জন্মদিনে (Birthday) হরিশ মুখার্জি স্ট্রিটে 'শান্তিনিকেতনে'র সামনে হাজির হয়েছিলেন, বহু অনুরাগী। তাঁদের সঙ্গে সেলফি তোলার আবদার মেটানোর পাশাপাশি কেকও কাটলেন তিনি।

অন্য মেজাজে অভিষেক
এদিন সেরকম কোনও ব্যস্ততা ছিল না। ছিল না সাংবাদিক সম্মেলন কিংবা কোনও মিছিল। হরিশ মুখার্জি স্ট্রিটে অন্য মেজাজে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন 'শান্তিনিকেতন' থেকে বেরিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটেন তিনি। তাঁর গায়ে ছিল ফুল স্লিভ গোল গলা কালো গেঞ্জি। রাস্তার দুপাশের অনুগামীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। একটা সময়ে রাস্তার ধারে থাকা ব্যারিকেডের কাছে পৌঁছে গেলে অনুরাগীরা দাদা-দাদা বলে চিৎকার করতে থাকেন। সেই সময় অনুরাগীদের আবদার মতা সেলফিও তোলেন তিনি। পাশাপাশি রাস্তায় দাঁড়িয়েই অনুরাগী ও সমর্থকদের আনা কেক কাটেন তিনি।

আপ্লুত অনুরাগী, সমর্থকরা
অন্যদিকে প্রিয় নেতাকে কাছে পেয়ে আপ্লুত অনুরাগী ও সমর্থকরা। প্রত্যেকেই সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন। অনেকেই দূর থেকে এসেছিলে প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে। এদিন তাঁদের আশা পূরণ হয়েছে। অনেকেই হাতে করে এনেছিলেন ফুলের তোড়া কিংবা ফুটবলের আদতে তৈরি কেক। এদিন অনুরাগী, সমর্থকরা খেলা হবে স্লোগানও তোলেন। কেউ বলেন দাদা হ্যাপি বার্থ ডে। এখনও অনুরাগী, সমর্থকদের উদ্দেশে হাত নেড়েছেন আবার কখনও হাত জোড় করে নমস্কারও করেছেন।

উন্মাদনা বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে ঘিরে শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা দেখা গিয়েছে। রাত বারোটা বাজতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভেচ্ছাবার্তা। সেখানে যেমন দলের নেতাদের দেখা গিয়েছে, আবার অনেক অচেনা মুখও দেখা গিয়েছে। তাঁরা সবাই শুভকামনা জানিয়েছেন অভিষেকের প্রতি। উন্মাদনা দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতেও। অনেক জায়গাতেই অনুরাগী ও সমর্থকরা কেক কেটে ও পায়েস বিলি করেছেন জন্মদিন উপলক্ষে।

যুব নেতা থেকে জননেতা
তৃণমূলের অনেকেই জন্মদিন পালন করে থাকেন। তবে কাউকে এভাবে অনুগামী কিংবা সমর্থকদের সঙ্গে মিশে যেতে দেখা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্থান তৃণমূল যুবার মাধ্যমে। তার আগে তাঁকে সেভাবে তৃণমূলে সক্রিয় থাকতে দেখা যায়নি। এরপর ২০১৪ এবং ২০১৯-এ ডায়মন্ডহারবার থেকে জয়। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পর্যুদস্ত করার পরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে 'অভিষেক'। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবেই পরিচিত অভিষেক ইতিমধ্যেই দলের মধ্যে অনুগামীর সংখ্যা বাড়িয়েছেন। দলের অনেকেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এখন দলের ব্যাপারে অনেক ক্ষেত্রেই সর্বশেষ সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন সমর্থকদের আবদার মিটিয়ে তিনি গিয়েছেন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
(ছবি সৌজন্য: ফেসবুক)












Click it and Unblock the Notifications